বক্সিরহাট: ভোটের মরসুমে রাজনৈতিক উত্তাপ ছড়ালো তুফানগঞ্জ-২ ব্লকের ভানুকুমারী-১ গ্রাম পঞ্চায়েত এলাকায়। রাতের অন্ধকারে বিজেপির দলীয় পতাকা ছিঁড়ে ফেলা এবং নির্বাচনী প্রচারের ব্যানারে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে রবিবার সকালে রণক্ষেত্রের চেহারা নেয় বক্সিরহাট এলাকা। ঘটনার প্রতিবাদে দীর্ঘক্ষণ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা।
বিজেপির দাবি রবিবার সকালে বিজেপি কর্মীরা দেখতে পান রাস্তার ধারে লাগানো তাদের দলীয় পতাকাগুলি ছিঁড়ে নর্দমায় ফেলে দেওয়া হয়েছে। একইসঙ্গে প্রার্থীর সমর্থনে লাগানো একাধিক ব্যানারে আগুন ধরিয়ে দিয়েছে দুষ্কৃতীরা। অভিযোগের আঙুল উঠেছে শাসকদল তৃণমূল কংগ্রেসের দিকে।
ঘটনার জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন বিজেপি নেতা-কর্মীরা। দোষীদের গ্রেপ্তারের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এর ফলে রাস্তার দুই দিকে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বক্সিরহাট থানার বিশাল পুলিশ বাহিনী। শেষ পর্যন্ত পুলিশের আশ্বাসে প্রায় ঘণ্টাখানেক পর অবরোধ তুলে নেওয়া হয়।
বিজেপির তুফানগঞ্জ বিধানসভার কনভেনার বিমল পাল কড়া ভাষায় আক্রমণ শানিয়ে বলেন, “তৃণমূলের দুষ্কৃতীরা ওদের অঞ্চল সভাপতির উপস্থিতিতেই পরিকল্পিতভাবে আমাদের পতাকা ছিঁড়ে নর্দমায় ফেলেছে। আমরা থানায় লিখিত অভিযোগ জানিয়েছি। প্রশাসন ব্যবস্থা না নিলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলন হবে।”
অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের ভানুকুমারী-১ অঞ্চল সভাপতি বরেনচন্দ্র সরকার। পালটা যুক্তিতে তিনি জানান, “তৃণমূল কংগ্রেস আদর্শ ও শৃঙ্খলার রাজনীতি করে। নোংরা রাজনীতিতে আমরা বিশ্বাসী নই। বিজেপির নিজেদের গোষ্ঠীকোন্দলের কারণেই এই ঘটনা ঘটেছে।”




















