ফের একবার ঘরের মাঠে হার চেন্নাইয়িন। যেন কিছুতেই ছন্দে ফিরতে পারছে না ক্লিফোর্ড মিরান্ডার দল। অন্যদিকে পরপর চার ম্যাচে অপরাজিত থেকে আত্মবিশ্বাস বাড়াল ইস্ট বেঙ্গল। বিরতির পর প্রথম অ্যাওয়ে ম্যাচেই ৩-১ ব্যবধানে জয়।
এদিন শুরু থেকেই চনমনে ছিল লাল হলুদ ব্রিগেড। এই জয়ের পর ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে ইস্ট বেঙ্গল। প্রথমার্ধের মাত্র ৭ মিনিটে দলের হয়ে বল জালে জড়ান এডমন্ড লালরিন্দিকা। ২৮তম মিনিটে ইরফান ইয়াদওয়াদ চেন্নাইয়িনের হয়ে গোল শোধ করেন। স্কোর তখন ১-১।
দ্বিতীয়ার্ধের ৮৩ তম মিনিটে ফের গোল করেন ইস্ট বেঙ্গলের বিপিন সিং। এরপর আর গোল ফেরত দিতে পারেনি ক্লিফোর্ড মিরান্ডার ছেলেরা। ১ গোল এগিয়ে যায় লাল হলুদ বাহিনী। অবশেষে অতিরিক্ত সময়ে বিজয়সূচক গোলটি করেন মিডফিল্ডার নন্দকুমার সেকার। তাঁকে অ্যাসিস্ট করেন মিগুয়েল ফিগুয়েরা।
এদিন মাঠে ৫৫ শতাংশ বল নিজেদের দখলে রেখেছিল অস্কার ব্রুজ়োর ছেলেরা। অন্যদিকে চেন্নাইয়িন ৪৫ শতাংশ বল নিজেদের দখলে রাখে। মোট ১৯টি শট নিয়েছে ইস্ট বেঙ্গল এবং তার মধ্যে ১১টি ছিল টার্গেটেড। সেখান থেকেই ৩টে গোল এসেছে। পাশাপাশি ১৩টি শট নেয় বিপক্ষ দল। যার মধ্যে মাত্র ২টি ছিল লক্ষ্যে। সেখান থেকেই একটি এবং একমাত্র গোল এসেছে।




















