কলকাতা: বসন্তের শেষে এবার চোখ রাঙাচ্ছে গ্রীষ্ম। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও দেখা মিলবে না, উল্টে আগামী কয়েকদিনে হু হু করে বাড়বে গরমের তীব্রতা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে পারদ একধাক্কায় চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত লাফ দিতে পারে। ফলে প্রবল অস্বস্তিকর গরমে পুড়তে চলেছে পুরুলিয়া ও দুই মেদিনীপুর-সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলি। আগামী সপ্তাহের সোম থেকে বুধবারের মধ্যে পশ্চিমাঞ্চলের দু-একটি জায়গায় ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস থাকলেও, তাতে দহনজ্বালা থেকে খুব একটা রেহাই মেলার সম্ভাবনা নেই বললেই চলে।
খাস কলকাতাতেও আপাতত বৃষ্টির দেখা নেই। শহরের আকাশ মোটের উপর পরিষ্কার থাকলেও বিকেলের পর থেকে তা আংশিক মেঘলা হতে পারে। তবে মেঘ জমলেও তা থেকে স্বস্তির বারিধারার কোনও আশা নেই, বরং মেঘলা আকাশের কারণে গুমোট অস্বস্তি আরও বাড়ার আশঙ্কা রয়েছে। তিলোত্তমায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে যথাক্রমে ৩৩ ও ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
দক্ষিণের এই চড়া রোদের বিপরীতে উত্তরবঙ্গের আবহাওয়া কিন্তু বেশ মনোরম। সেখানে বৃষ্টির স্পেল অব্যাহত থাকছে। হাওয়া অফিসের পূর্বাভাস, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি উত্তরের পার্বত্য এলাকায়, বিশেষত দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বওয়ার সতর্কতাও জারি করা হয়েছে। তবে উত্তরের সমতলের বাকি জেলাগুলিতে মূলত শুকনো আবহাওয়াই বিরাজ করবে।
আরও পড়ুন- রাতের অন্ধকারে ভারতে ঢুকতে গিয়ে BSF র হাতে আটক বাংলাদেশি




















