মুম্বই: ভারতে সোনা চোরাচালানের বিরুদ্ধে বড় সাফল্য পেল ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স৷ ‘অপারেশন ধাহাবু ব্লিটজ’-এর মাধ্যমে মুম্বই বিমানবন্দরে একটি আন্তর্জাতিক সোনা পাচার চক্রের বড় নেটওয়ার্ক ধরা পড়েছে৷ সূত্র অনুযায়ী, ৮ এপ্রিল নাইরোবি থেকে আসা একদল বিদেশি মহিলা যাত্রীকে সন্দেহের ভিত্তিতে নজরদারিতে রাখা হয়। তারা মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরই বিশেষ অভিযান চালানো হয়৷
তল্লাশিতে জানা যায়, এই মহিলারা একটি সংগঠিত আন্তর্জাতিক চোরাচালান চক্রের ‘ক্যারিয়ার’ হিসেবে কাজ করছিলেন৷ অত্যন্ত কৌশলে শরীরের বিভিন্ন অংশ এবং লাগেজে সোনা লুকিয়ে ভারতে আনার চেষ্টা করা হচ্ছিল৷ অভিযানে মোট ২৪ জন বিদেশি মহিলাকে আটক করা হয়৷ তাদের কাছ থেকে ২৫.১০ কেজি সোনার বার এবং ৪.২৭ কেজি সোনার গয়না উদ্ধার করা হয়েছে৷ সব মিলিয়ে ২৯.৩৭ কেজি সোনা বাজেয়াপ্ত করা হয়, যার বাজারমূল্য প্রায় ৩৭.৭৪ কোটি টাকা৷
গোয়েন্দাদের মতে, এই চক্রটি অত্যন্ত সুসংগঠিত এবং বহু দেশের মধ্যে বিস্তৃত একটি আন্তর্জাতিক নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত হচ্ছিল৷ ধৃতদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছিল যাতে তারা নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম হন৷ এক আধিকারিক জানান, “এটি একটি বড় আন্তর্জাতিক চোরাচালান চক্রের অংশ, যেখানে বিভিন্ন দেশের মানুষকে ব্যবহার করা হচ্ছে৷”
অর্থ মন্ত্রক জানিয়েছে, অবৈধ সোনা পাচার দেশের অর্থনীতির জন্য বড় হুমকি৷ এতে সরকারের রাজস্ব ক্ষতি হয় এবং বৈধ বাজার ব্যবস্থাও প্রভাবিত হয়৷ তাই এই ধরনের অপরাধ দমনে ভবিষ্যতেও কঠোর অভিযান অব্যাহত থাকবে৷ ধৃতদের আদালতে পেশ করা হবে এবং এই আন্তর্জাতিক নেটওয়ার্কের মূল হোতাদের শনাক্ত করতে তদন্ত চলছে৷




















