কলকাতা: রাজ্যে ক্ষমতায় এলে মাত্র ৬ মাসের মধ্যেই অভিন্ন দেওয়ানি বিধি বা Uniform Civil Code (UCC) কার্যকর করবে বিজেপি। শুক্রবার কলকাতায় দাঁড়িয়ে দলীয় ইস্তাহার বা ‘সংকল্প পত্র’ প্রকাশ করে ঠিক এই মেগা চমকই দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আসন্ন বিধানসভা নির্বাচনে যা গেরুয়া শিবিরের অন্যতম বড় মাস্টারস্ট্রোক হতে চলেছে।
কী এই অভিন্ন দেওয়ানি বিধি?
UCC কার্যকর হলে ধর্ম নির্বিশেষে সমস্ত নাগরিকের জন্য বিয়ে, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার এবং জমি-সম্পত্তি সংক্রান্ত একটিমাত্র অভিন্ন আইন বলবৎ হবে। এই আইনের আওতায় রাজ্যে একাধিক বড় বদল আসবে:
- ধর্ম নির্বিশেষে পুরুষদের বহুবিবাহ সম্পূর্ণ নিষিদ্ধ হবে।
- মুসলিম সহ সব ধর্মে বিয়ের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হবে।
- বিয়ের ন্যূনতম বয়স মেয়েদের ক্ষেত্রে ১৮ এবং ছেলেদের ২১ বছর নির্দিষ্ট করা হবে।
‘লিভ-ইন’ সম্পর্কে কড়া নজরদারি
এই আইনের অন্যতম চর্চিত দিক হলো ‘লিভ-ইন’ সম্পর্ক। এই বিধিতে লিভ-ইন করতে চাইলে পুলিশ বা স্থানীয় প্রশাসনের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। যুগলের বয়স ২১ বছরের কম হলে বাবা-মায়ের সম্মতিও লাগবে। অন্যথায় জেল ও জরিমানার বিধান রয়েছে। তবে, এই বিধির বাইরে রাখা হয়েছে আদিবাসী সমাজকে। তাদের নিজস্ব সামাজিক ও প্রথাগত আইনই বজায় থাকবে।
বিতর্ক কোথায়?
২০২৪ সালে দেশের একমাত্র রাজ্য হিসেবে উত্তরাখণ্ডে UCC কার্যকর হয়েছে। তবে এই আইন নিয়ে বিতর্কও বিস্তর। বিশেষজ্ঞদের একাংশের মতে, তফসিলি উপজাতিদের এই আইনের বাইরে রাখলে তা আর কতটা ‘অভিন্ন’ থাকে, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। তাছাড়া লিভ-ইন সম্পর্কের ক্ষেত্রে পুলিশি হস্তক্ষেপ বা বাবা-মায়ের সম্মতি বাধ্যতামূলক করাকে নাগরিকদের ব্যক্তিগত স্বাধীনতা, আত্মমর্যাদা ও গোপনীয়তার অধিকার খর্ব করার শামিল বলেও মনে করছে সমাজের একাংশ।




















