কলকাতা: আগামী শনিবার ইন্ডিয়ান সুপার লিগের সপ্তম ম্যাচে নামবে ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব। অ্যাওয়ে ম্যাচে তাদের লড়াই করতে হবে চেন্নাইয়িন এফসির সঙ্গে। তার আগে আজ যথেষ্ট ফুরফুরে মেজাজে দেখা যায় দলের সকল ফুটবলারদের। তবে এবার টুর্নামেন্টের প্রথম অ্যাওয়ে ম্যাচ। যারফলে কিছুটা হলেও চাপ থাকছে সকলের। এসবের মাঝেই গত কয়েকদিন ধরে মহম্মদ রশিদকে নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিল লাল-হলুদ সমর্থকরা। যদিও পরবর্তীতে জানা যায় যে খুব একটা গুরুতর নয় প্যালেস্টাইনের এই তারকা ফুটবলারের চোট। যারফলে খুব শীঘ্রই যে তিনি মাঠে ফিরবেন সেটা স্পষ্ট ছিল সকলের কাছে।
তাহলে কি আসন্ন চেন্নাইয়িন ম্যাচে খেলতে দেখা যাবে এই মিডফিল্ডারকে। যদিও সেটা এখনও চূড়ান্ত হয়নি। তবে এদিন সতীর্থ খেলোয়াড়দের সাথেই অনুশীলন করতে দেখা যায় প্যালেস্টাইনের এই ফুটবলারকে। এদিন বল পায়ে অনুশীলনের আগে তার সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন হেড কোচ অস্কার ব্রুজো। আসন্ন ম্যাচ গুলির কথা মাথায় রেখে তাঁকে নিয়ে হয়তো বাড়তি ঝুঁকি নেবেন না কোচ। চেন্নাইয়িন ম্যাচ খেলতে যাওয়ার আগে আজ কোচের সাথে সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়েছিলেন বাঙালি ফুটবলার সৌভিক চক্রবর্তী।
টুর্নামেন্ট প্রসঙ্গে তিনি বলেন, ‘এবার একেবারে শর্ট লেগ। এখনও পর্যন্ত অনেকের কাছেই সুযোগ আছে। মুম্বাই থেকে শুরু করে আমরা কিংবা আরও অন্যান্য দলের এখনও অনেক কঠিন ম্যাচ বাকি রয়েছে। তবে যেহেতু ছোট লেগ তাই পয়েন্ট নষ্ট করলে তা পূরণ করা কঠিন হয়ে যায়। তবে আমার মনে হয় দলের প্রত্যেকে ঐক্যবদ্ধ ভাবে লড়াই করতে পারলে আমাদের ভালো সময় ফিরবে।’ গত ম্যাচে মহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে বিরাট বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল ইস্টবেঙ্গল। তবে আন্তর্জাতিক বিরতির পর সেই ধারাবাহিকতা বজায় রাখাই প্রধান চ্যালেঞ্জ সকলের কাছে।




















