মালদহ: মালদহ ডিভিশনের রেল যাত্রীদের জন্য বড় সুখবর ঘোষণা করল পূর্ব রেল৷ দীর্ঘ বিরতির পর আবার চালু হচ্ছে মেমু ট্রেন (MEMU Train) পরিষেবা৷ আগামী ১০ এপ্রিল থেকে ধাপে ধাপে এই পরিষেবা শুরু হবে, ফলে প্রতিদিনের যাত্রীদের যাতায়াতে অনেকটাই স্বস্তি মিলবে৷
রেল সূত্রে জানা গিয়েছে, প্রথম পর্যায়ে মোট ছয়টি মেমু ট্রেন চালানো হবে৷ এই ট্রেনগুলি বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে চলবে এবং যাত্রীদের দ্রুত ও সাশ্রয়ী যাতায়াত নিশ্চিত করবে৷ সাহিবগঞ্জ-রামপুরহাট রুটে ট্রেন নম্বর ৬৩৪০৬ প্রতিদিন বিকেল ৫টায় সাহিবগঞ্জ থেকে ছেড়ে রাত ৮:৫৫ মিনিটে রামপুরহাট পৌঁছাবে৷ এই পরিষেবা চালু হবে ১০ এপ্রিল থেকে৷ অপরদিকে, ট্রেন নম্বর ৬৩৪০৫ রামপুরহাট থেকে সকাল ৬:১০ মিনিটে ছেড়ে সকাল ৯:২৫ মিনিটে সাহিবগঞ্জ পৌঁছাবে, যা চালু হবে ১১ এপ্রিল থেকে৷
এছাড়াও সাহিবগঞ্জ-জামালপুর রুটে ট্রেন নম্বর ৬৩৪৩১ ও ৬৩৪৩২ প্রতিদিন চলবে৷ সাহিবগঞ্জ থেকে সকাল ৭:২০ মিনিটে ছেড়ে ট্রেনটি বেলা ১১:৫০ মিনিটে জামালপুরে পৌঁছাবে৷ ফেরার পথে বিকেল ৪:০৭ মিনিটে জামালপুর থেকে ছেড়ে রাত ৯:১০ মিনিটে সাহিবগঞ্জে ফিরবে৷ অন্যদিকে, জামালপুর-কিউল রুটে ট্রেন নম্বর ৬৩৪২৩ ও ৬৩৪২৪ পরিষেবা দেবে৷ জামালপুর থেকে দুপুর ১২:২৫ মিনিটে ছেড়ে ট্রেনটি কিউলে পৌঁছাবে দুপুর ১:৫০ মিনিটে৷ কিউল থেকে ফেরার সময় বিকেল ২:২০ মিনিটে ছেড়ে বিকেল ৩:৫০ মিনিটে জামালপুরে পৌঁছাবে৷
মালদহ ডিভিশনের ডিআরএম মনিশ কুমার গুপ্তা জানিয়েছেন, এই পরিষেবা চালু হলে অফিসগামী মানুষ, ছাত্রছাত্রী এবং ব্যবসায়ীদের যাতায়াত অনেক সহজ হবে৷ পাশাপাশি, আন্তঃজেলা যোগাযোগ ব্যবস্থাও আরও উন্নত হবে৷




















