কলকাতা: রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Banerjee) অকাল মৃত্যুর ঘটনায় টলিউডে প্রতিবাদের ঢেউ এখনও থামেনি৷ কর্মবিরতির সিদ্ধান্ত থেকে সরে এলেও, সত্য উদঘাটনের দাবিতে আরও দৃঢ় অবস্থান নিয়েছে শিল্পী মহল৷ দীঘা সংলগ্ন তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ছবির শুটিং চলাকালীন সমুদ্রে ডুবে মৃত্যু হয় তরুণ অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের(Rahul Banerjee) ৷ এই ঘটনার প্রকৃত কারণ এখনও অজানা থাকায় ক্ষোভে ফুঁসছে গোটা ইন্ডাস্ট্রি৷
প্রথমে ৭ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেওয়া হয়েছিল৷ তবে দিনভর আলোচনার পর সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়৷ অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানান, কাজ বন্ধ রেখে প্রতিবাদ চালানো সম্ভব নয়, কারণ এই ইন্ডাস্ট্রির সঙ্গে বহু মানুষের জীবিকা জড়িত। তাই সিনেমা ও সিরিয়ালের শুটিং স্বাভাবিকভাবে চলবে৷
তবে এই সিদ্ধান্তের পাশাপাশি কড়া বার্তা দিয়েছে টলিউড৷ সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে কার্যত বয়কট ঘোষণা করা হয়েছে৷ যতদিন না রাহুলের মৃত্যুর প্রকৃত কারণ সামনে আসছে এবং তদন্তের রিপোর্ট প্রকাশ পাচ্ছে, ততদিন ওই সংস্থার সঙ্গে কোনও শিল্পী কাজ করবেন না বলে স্পষ্ট জানানো হয়েছে৷
প্রসেনজিতের কথায়, “আমরা কাজ চালিয়ে যেতে চাই, কিন্তু সত্য জানতে চাই৷ একজন তরুণ অভিনেতা কীভাবে শুটিং করতে গিয়ে প্রাণ হারাল, তার উত্তর আমাদের দরকার৷ এই ঘটনার পর টলিউডে ঐক্যের নতুন দৃষ্টান্ত তৈরি হয়েছে৷ আমরা সবাই আজ এক পরিবারের মতো একত্রিত হয়েছি৷”
এই দাবিতে সহমত প্রকাশ করেছেন বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিক৷ তাঁর বক্তব্য, “এটা কোনও ব্যক্তিগত দ্বন্দ্ব নয়, এটা সত্যের খোঁজ। এমন ঘটনা যাতে আর না ঘটে, তার জন্য দায় নির্ধারণ জরুরি৷” অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত গভীর শোক প্রকাশ করে বলেন, “এই মৃত্যু আমাদের ভিতর থেকে নাড়িয়ে দিয়েছে৷ শুটিং সেটে নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখতে হবে৷”




















