সায়ন দে, কোচবিহার: মোদীর (Narendra Modi) সভায় যোগ দেওয়ার ‘অপরাধে’ রাতে বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে এমনই অভিযোগ উঠল কোচবিহারের পানিশালা অঞ্চলের ধূলুয়াবাড়ি এলাকায়। ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।
অভিযোগ, কোচবিহার ১ নং ব্লক-এর ওই এলাকায় বসবাসকারী ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র কর্মী বিশ্বজিৎ পালের বাড়িতে শনিবার গভীর রাতে হামলা চালায় একদল দুষ্কৃতী। তাঁর দাবি, আগের দিন নরেন্দ্র মোদী-র জনসভায় যোগ দেওয়ার কারণেই এই হামলা।
বিশ্বজিৎবাবুর অভিযোগ, “শুধু আমার বাড়ি নয়, এলাকায় আরও তিন থেকে চারটি বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে।” তাঁর আরও দাবি, এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন স্থানীয় পানিশালা গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী মুন্না।
যদিও অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই অভিযোগ আনা হয়েছে।




















