কলকাতা: এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্ব একেবারেই ভালো যায়নি ভারতের (Indian Football)। প্রথম থেকেই পয়েন্টে নষ্ট করতে হয়েছিল একাধিক ম্যাচে। ড্র করার সাথে সাথে পরবর্তীতে আটকে যেতে হয়েছিল হংকং, সিঙ্গাপুর এমনকি প্রতিবেশী বাংলাদেশ ফুটবল দলের কাছে। যেটা নিঃসন্দেহে বিরাট বড় ধাক্কা ছিল দেশের ফুটবলপ্রেমীদের জন্য। সেই হতাশা কাটিয়ে এই বছর ভালো পারফরম্যান্স করতে বদ্ধপরিকর ছিল খালিদ জামিলের ছেলেরা। সেইমতো গত ৩১ শে মার্চ কোচির বুকে দল হংকংয়ের বিরুদ্ধে গ্রুপের শেষ তথা নিয়ম রক্ষার ম্যাচে নেমেছিল সন্দেশ ঝিঙ্গানরা।
এই ম্যাচেই প্রথমবারের মতো ভারতীয় দলের জার্সিতে মাঠে নেমেছিলেন রায়ান উইলিয়ামস। গত বছর বাংলাদেশের বিরুদ্ধে তাঁর খেলার কথা থাকলেও সেটা সম্ভব হয়নি। দেখা দিয়েছিল নানা সমস্যা। সেই সমস্ত কিছু কাটিয়ে সেদিন মাঠে নেমে ছিলেন এই উইঙ্গার। ম্যাচের প্রথম কোয়ার্টারে তাঁর অনবদ্য গোলে এগিয়ে গিয়েছিল ব্লু-টাইগার্সরা। পরবর্তীতে ম্যাচের দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়িয়ে দিয়েছিলেন আকাশ মিশ্রা। শেষ পর্যন্ত একটি গোলের ব্যবধানে এসেছিল জয়। বহুদিন পর নিজেদের চেনা ছন্দে ধরা দেয় ভারতীয় ফুটবল দল। সেই নিয়ে যথেষ্ট খুশি দেশের ফুটবল অনুরাগীরা।
বর্তমানে রায়ান উইলিয়ামসকে নিয়ে মাতোয়ারা ভারতীয় ফুটবল মহল। এসবের মাঝেই এবার নতুন চ্যালেঞ্জ জাতীয় দলের কোচ খালিদ জামিলের কাছে। হাতে মাত্র কিছু সপ্তাহ। তারপর আগামী মে মাসে লন্ডনের বুকে বসতে চলেছে ইউনিটি কাপের আসর। এই চতুর্থ সংস্করণে এবার অংশ নিচ্ছে ব্লু-টাইগার্স। যেখানে লড়াই করতে হবে শক্তিশালী নাইজেরিয়া থেকে শুরু করে জামাইকার মতো দলের সঙ্গে। এছাড়াও থাকতে চলেছে আফ্রিকার আরও এক শক্তিশালী দেশ। আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো জানা যাবে সেই দেশের নাম। আসন্ন এই চতুর্দলীয় টুর্নামেন্টের দিকেই এখন নজর সকলের।
তবে ভারতের জন্য লড়াইটা যে অনেকটাই কঠিন সেটা নতুন করে বলার নেই। ফিফার তালিকা অনুযায়ী ভারতের তুলনায় অনেকটা এগিয়ে উল্লেখিত দুই দেশ। এছাড়াও টানা তিনবার এই খেতাব রেকর্ড রয়েছে নাইজেরিয়ার। দুইবার রানার্স থেকেছে জামাইকা। সব মিলিয়ে এবার কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছে খালিদ ব্রিগেড।




















