২০২৪ সালের লোকসভা নির্বাচনে ব্যারাকপুরের দাপুটে নেতা অর্জুন সিংকে (Arjun Sigh) হার স্বীকার করতে হয়েছিল। কিন্তু রাজনৈতিক লড়াই থেকে তিনি একেবারেই সরে যাননি। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ব্যারাকপুর লোকসভার অন্তর্গত নোয়াপাড়া কেন্দ্র থেকে আবারও বিজেপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে অর্জুন সিংকে(Arjun Sigh) । এই কেন্দ্রের নির্বাচনী ময়দানে তাঁর আগমন নতুন উত্তেজনার জন্ম দিয়েছে।
আজ সকালে হনুমান জয়ন্তী উপলক্ষে নোয়াপাড়ার বিভিন্ন মন্দিরে পুজো দিয়ে রাজ্যের অশুভ শক্তি বিনাশের প্রার্থনা করেন অর্জুন সিং (Arjun Sigh) । তিনি বলেন, “আমাদের রাজ্যে এখন যে রাজনৈতিক পরিস্থিতি চলছে, তা শুধুমাত্র নির্বাচনী লড়াই নয়; এটা আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠান, বিচারব্যবস্থা ও আইনশৃঙ্খলার প্রতি আস্থা রক্ষার লড়াই।”
পুজোর আগে নিজের রাজনৈতিক কার্যালয় জগৎদলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা তিনি সরাসরি সুপ্রিম কোর্টে করবেন। তিনি অভিযোগ করেন, “সম্প্রতি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ায় বিজেপি নেতাদের বিভিন্ন বিকৃত ছবি পোস্ট করা হয়েছে, যা রাজনৈতিক ও সামাজিকভাবে বিভ্রান্তিকর। সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করছেন। এর ফলে দেশের গণতন্ত্র ও বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা নষ্ট হচ্ছে।” অর্জুন সিং (Arjun Sigh) আরও বলেন, “যেভাবে রাজ্যপাল ও রাজ্য পুলিশ কেন্দ্রীয় নির্দেশ অমান্য করছে, সেই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের প্রতি অবমাননার মামলা করা জরুরি। আমি নিজেই সেই মামলা করব। আমাদের দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে রক্ষা করতে এবং আদালতের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে এই পদক্ষেপ নেওয়া প্রয়োজন।”
তিনি অভিযোগ করেন, রাজ্য পুলিশের নিয়ন্ত্রণ এখনও পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর হাতেই থাকা উচিত। “বিচারব্যবস্থা প্রশ্নের মুখে থাকলে দ্রুত কেন্দ্রীয় বাহিনীর হাতে সমস্ত দায়িত্ব তুলে দেওয়া হোক। রাজ্যের আইনশৃঙ্খলা বজায় রাখা এবং মানুষের আস্থা রক্ষা করা আমাদের কর্তব্য,” যোগ করেন অর্জুন সিং।




















