ক্যানিং পূর্বে আরাবুল ইসলামকে প্রার্থী করা নিয়ে বাম ও আইএসএফের (Left-ISF) সম্পর্কের টানাপোড়েন যখন তুঙ্গে, ঠিক সেই সময়েই তৈরি হল আরও এক নতুন জটিলতা। জোট রাজনীতির ভিত যে কতটা নড়বড়ে হয়ে উঠেছে, তারই স্পষ্ট প্রমাণ মিলল মধ্যমগ্রাম আসনকে ঘিরে সাম্প্রতিক ঘটনায়। একই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল ফরওয়ার্ড ব্লক এবং আইএসএফ, যা জোটের অন্দরেই বড়সড় অস্বস্তি তৈরি করেছে। সূত্রের খবর, মধ্যমগ্রাম কেন্দ্রে আগেই প্রার্থী ঘোষণা করেছিল আইএসএফ। সেই প্রার্থীকে সামনে রেখেই প্রচারের প্রস্তুতি নিচ্ছিল দল। এমনকি বুধবার ওই কেন্দ্রে আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীর প্রচার কর্মসূচিও ছিল বলে জানা গিয়েছে। কিন্তু ঠিক সেই দিনেই ফরওয়ার্ড ব্লক হঠাৎ করেই নিতাই পালকে প্রার্থী হিসেবে ঘোষণা করে। (Left-ISF) এই ঘটনায় স্বাভাবিকভাবেই জোটের মধ্যে বিভ্রান্তি এবং ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
ফরওয়ার্ড ব্লকের এই পদক্ষেপকে আইএসএফ ভালোভাবে নেয়নি বলেই রাজনৈতিক মহলের ধারণা। অন্যদিকে, ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে পাল্টা আইএসএফের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলা হয়েছে। তাদের দাবি, আইএসএফ মুসলিম সাম্প্রদায়িকতার রাজনীতি করছে এবং সেই কারণেই জোটের মধ্যে মতবিরোধ তৈরি হচ্ছে। এই অভিযোগ ঘিরে বিতর্ক আরও তীব্র হয়েছে। এদিকে, নওশাদ সিদ্দিকীকে কেন্দ্র করে ইতিমধ্যেই বাম শরিকদের একাংশের মধ্যে অসন্তোষ দানা বাঁধছিল। একাধিক বাম নেতা প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। তাদের অভিযোগ, আইএসএফ নেতৃত্ব জোট রাজনীতির নীতি মেনে চলার পরিবর্তে নিজেদের স্বার্থকে বেশি গুরুত্ব দিচ্ছে। এমনকি বামেদের একাংশের দাবি, তাদের উপর এক ধরনের ‘ব্ল্যাকমেইল’ করার চেষ্টা চলছে।




















