তিমিরকান্তি পতি, বাঁকুড়া: প্রার্থী নিয়ে কোতুলপুরে কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ এবার চরমে। দলের তরফে ওই কেন্দ্রে সুমিত্রা মল্লিক সাঁতরাকে প্রার্থী করা হলেও স্থানীয় কংগ্রেস নেতৃত্বির একাংশ তা মানতে নারাজ।
প্রবীণ কংগ্রেস নেতা দিব্যেন্দু মণ্ডলের দাবি, সর্বসম্মতভাবে কোতুলপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে জেলা যুব কংগ্রেসের সভাপতি মৌমিতা লোহারের নাম ঠিক করা হয়েছিল। বিষয়টি জেলা ও প্রদেশ কংগ্রেস নেতৃত্বকেও জানানো হয়।
তারপরেও কোন রাজনীতি সম্পর্কে ধারণা না থাকা সত্বেও এক নেতার স্ত্রী হওয়ার সুবাদে সুমিত্রা মল্লিক সাঁতরাকে প্রার্থী করে দল। এই বিষয়টি সিংহভাগ কংগ্রেস কর্মী নেতা মানতে পারছেন না। অবিলম্বে এবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে তাঁরা বসে যাবেন বলে জানান।
যদিও জেলা কংগ্রেসের নেতা দেবু চ্যাটার্জীর দাবি, দরের গঠণতন্ত্র মেনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। প্রয়োজনে বিক্ষুব্ধদের সঙ্গে আলোচনায় বসা হবে। কংগ্রেস প্রার্থী সুমিত্রা মল্লিক সাঁতরা বলেন, দল আমাকে যোগ্য মনে করেছে। এবার কারও আপত্তি থাকলে মিডিয়াকে না জানিয়ে দলকে জানানো উচিৎ।
কোতুরপুর ব্লক তৃণমূলের কনভেনর তুষার কান্তি রায়ের দাবি, এই এলাকায় অস্তিত্বহিন কংগ্রেস। এসব বিরোধিদের নিয়ে আমরা ভাবিত নই। বিজেপির স্থানীয় মণ্ডল সভাপতি কেশবি নাগার দাবি, কংগ্রেস পরিবারতান্ত্রিক দল। যা হয়েছে তা স্বাভাবিক। তবে বিক্ষুদ্ধ কংগ্রেসীরা তাদের দলে এলে যোগ্য সম্মান পাবেন বলে তিনি জানান।



















