কলকাতা: শুক্রবার গভীর রাতে কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়ে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকা৷ প্রবল ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ এবং ভারী বৃষ্টির দাপটে একাধিক জায়গায় গাছ উপড়ে পড়ে৷ একাধিক রাস্তায় যান চলাচল ব্যাহত হয়৷ অনেক এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়৷
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে৷ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে৷ পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে৷ এই জেলাগুলির জন্য কমলা সতর্কতা ঘোষণা করেছে হাওয়া অফিস৷
দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ সেখানে হাওয়ার গতি কিছুটা কম, ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার হতে পারে৷ ফলে ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে৷ আবহাওয়া দফতর আরও জানিয়েছে, উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং হুগলির কিছু এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে৷
শনিবারের পর আবহাওয়ার পরিস্থিতি আরও পরিবর্তিত হতে পারে৷ আগামী সপ্তাহে মঙ্গলবার আবারও দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির প্রকোপ বাড়ার সম্ভাবনা রয়েছে৷ ওই দিন প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে, যার গতি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে৷
সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতেও সতর্কতা জারি রয়েছে৷ বঙ্গোপসাগরে দমকা হাওয়ার বেগ মাঝেমধ্যে ৬০ কিলোমিটার ছুঁয়ে ফেলছে৷ এই পরিস্থিতিতে উত্তর ওড়িশা ও সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের শনিবার পর্যন্ত সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে৷ ঝড়বৃষ্টির প্রভাবে দক্ষিণবঙ্গে তাপমাত্রা সাময়িকভাবে কমে যেতে পারে৷ আগামী দু’দিন দিনের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম থাকতে পারে৷ তবে এরপর ধীরে ধীরে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর৷
অন্যদিকে উত্তরবঙ্গেও আবহাওয়ার অবনতি হতে পারে৷ শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কিছু অংশে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে৷ সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে৷




















