কলকাতা: দেশীয় ক্লাব ফুটবলে যথেষ্ট পরিচিত নাম অরিন্দম ভট্টাচার্য (Arindam Bhattacharya)। যখনই সুযোগ পেয়েছেন উজাড় করে দিয়েছেন নিজেকে। ভারতের যুব দলের পাশাপাশি দেশের প্রথম সারির ফুটবল টুর্নামেন্ট গুলিতে ও নিজেকে প্রমাণ করেছেন বহুবার। যা সহজেই মন জয় করেছিল সকল ফুটবল অনুরাগীদের। গোয়ান ক্লাব চার্চিল ব্রাদার্সের হয়ে আইলিগে প্রভাব বিস্তার করার পর গত ২০১২ সালে যোগদান করেছিলেন দেশের অন্যতম শক্তিশালী ফুটবল দল মোহনবাগান সুপার জায়ান্টে। সেখান থেকেই সকলের নজরে আসেন তিনি। তারপর চার্চিলে ফিরে গেলেও এফসি পুনে সিটিতে যোগদানের মধ্য দিয়ে প্রথমবারের মতো আইএসএলে আত্মপ্রকাশ ঘটেছিল এই গোলরক্ষকের।
অনবদ্য পারফরম্যান্সের দরুন এরপর সুযোগ পেয়েছিলেন বেঙ্গালুরু এফসি সহ মুম্বাই সিটির মতো ফুটবল ক্লাবে। এমনকি পরবর্তীতে কলকাতা ময়দানের অন্যতম দুই প্রধানের তিন কাঠির অন্যতম প্রহরী হিসেবে দেখা গিয়েছিল অরিন্দমকে। মোহনবাগানের পর পড়শী ক্লাব ইস্টবেঙ্গলের হয়ে ও ইন্ডিয়ান সুপার লিগে নিজের সেরাটা উজাড় করে দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি। সেবার দলের পারফরম্যান্স খুব একটা ভালো না থাকলেও একক দক্ষতায় যথেষ্ট নজর কেড়েছিলেন এই বাঙালি গোলরক্ষক। তবে গত সিজনে যোগদান করেছিলেন বারাণসীর ইন্টার কাশী ফুটবল ক্লাবে।
গত নভেম্বরে শেষবারের মতো এই দলের হয়ে মাঠে লড়াই করেছিলেন অরিন্দম। তারপরেই ফুটবলকে বিদায় জানিয়েছিলেন এই বাঙালি ফুটবলার। এবার ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে তাঁকে সামনে এনে বড়সড় চমক দিল বঙ্গ বিজেপি। শুক্রবার বিকেলে রাজ্য বিজেপির সদর দফতরে শমীক ভট্টাচার্য, ও লকেট চট্টোপাধ্যায়ের মতো নেতা-নেত্রীদের উপস্থিতিতে দলীয় পতাকা হাতে তুলে নেন দুই প্রধানের এই প্রাক্তন গোলরক্ষক।
এবার কি তাহলে পদ্ম ফুলের টিকিটে নির্বাচনে লড়াই করতে চলেছেন এই প্রাক্তন ফুটবলার? সেটা যদিও এখনও স্পষ্ট নয়। তবে খুব শীঘ্রই হয়তো পরিষ্কার হয়ে যাবে গোটা বিষয়টি।




















