কলকাতা: আইপিএল (IPL 2026) শুরুর ঠিক আগেই কিছুটা স্বস্তির খবর পেল কলকাতা নাইট রাইডার্স শিবির। চোটের কারণে ছিটকে যাওয়া হর্ষিত রানার বদলি হিসেবে দলে যোগ দিলেন অভিজ্ঞ ভারতীয় পেসার নবদীপ সাইনি। প্রথম ম্যাচ খেলতে বুধবার মুম্বইয়ের উদ্দেশে রওনা দিয়েছে দল, আর সেই সফরেই দলের সঙ্গে যোগ দিয়েছেন সাইনি। হঠাৎ করেই সুযোগ এলেও এই সুযোগকে নিজের প্রত্যাবর্তনের মঞ্চ হিসেবে দেখছেন তিনি। আইপিএলের শুরুতে সাইনির পারফরম্যান্স যথেষ্ট নজরকাড়া ছিল। বিশেষ করে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলাকালীন সময়ে নিজের গতি ও ধারালো বোলিং দিয়ে নজর কেড়েছিলেন।
তবে গত কয়েকটি মরশুম তাঁর জন্য খুব একটা সুখকর ছিল না। ধারাবাহিকতা হারিয়ে ফেলায় দলেও নিয়মিত সুযোগ পাননি। কিন্তু সেই কঠিন সময়েই নিজেকে ভেঙে পড়তে দেননি সাইনি। নাইট শিবিরে যোগ দিয়ে নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে সাইনি বলেন, কলকাতা দলে যোগ দেওয়া তাঁর কাছে বিশেষ অভিজ্ঞতা। এই দলে খেলার আলাদা একটা আবেগ রয়েছে, যা তিনি অনুভব করছেন। হঠাৎ করে খবর পাওয়ায় প্রথমে তিনি নিজের অনুভূতি ঠিক বুঝে উঠতে পারেননি। তবে মনে মনে তিনি সবসময়ই বিশ্বাস রেখেছিলেন যে, কঠোর পরিশ্রমের ফল একদিন না একদিন আসবেই।
গত দুই-তিন বছরে তাঁর ক্রিকেট জীবনে ওঠানামা কম হয়নি। সাফল্যের পাশাপাশি ব্যর্থতাও এসেছে। কিন্তু সেই সময়ে নিজেকে ধরে রাখাই ছিল তাঁর মূল লক্ষ্য। তিনি জানতেন, থেমে গেলে চলবে না—পরিশ্রম চালিয়ে যেতে হবে। সেই মানসিকতা থেকেই তিনি নিজের ফিটনেস ও পারফরম্যান্সের উপর কাজ চালিয়ে গেছেন, যার ফলস্বরূপ আবারও আইপিএলের মতো বড় মঞ্চে সুযোগ পেলেন। অন্যদিকে, আইপিএল শুরু হওয়ার আগেই চোটের ধাক্কায় বিপর্যস্ত হয়ে পড়েছে নাইটদের পেস আক্রমণ। একের পর এক গুরুত্বপূর্ণ পেসার দলছুট হওয়ায় দুশ্চিন্তা বেড়েছিল টিম ম্যানেজমেন্টের। মুস্তাফিজুর রহমানকে ঘিরে অনিশ্চয়তা, তার সঙ্গে হর্ষিত রানার চোট এবং পরে আকাশ দীপের ছিটকে যাওয়া—সব মিলিয়ে পেস বিভাগে বড় ফাঁক তৈরি হয়।
এছাড়াও মথিশা পথিরানাকে পাওয়া যাবে কিনা, তা নিয়েও এখনও অনিশ্চয়তা রয়েছে।
বিকল্প খোঁজার জন্য গত কয়েকদিন ধরে জোরকদমে চেষ্টা চালাচ্ছিল দল। ইডেনে প্রস্তুতি শিবিরে একাধিক পেসারকে ট্রায়ালে ডাকা হয়েছিল। সেই প্রক্রিয়ার মধ্যেই একদিকে আকাশ দীপের বদলি হিসেবে সৌরভ দুবেকে দলে নেওয়া হয়, অন্যদিকে হর্ষিত রানার জায়গায় শেষ পর্যন্ত সুযোগ পান নবদীপ সাইনি। সব মিলিয়ে বলা যায়, কঠিন পরিস্থিতির মধ্যেই নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ পেলেন সাইনি। এখন দেখার, এই সুযোগকে তিনি কতটা কাজে লাগাতে পারেন এবং নাইটদের পেস আক্রমণে কতটা ভরসা জোগাতে পারেন।




















