সপ্তাহান্তে ফের ঝড়ের দাপট, বজ্রপাত-শিলাবৃষ্টির জোড়া সতর্কতা

কলকাতা: রাজ্যে আবারও আবহাওয়ার বড়সড় বদলের ইঙ্গিত মিলছে। সপ্তাহান্তে ঝড়বৃষ্টি, বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা প্রবল বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
west-bengal-weather-storm-rain-alert-districts-march

কলকাতা: রাজ্যে আবারও আবহাওয়ার বড়সড় বদলের ইঙ্গিত মিলছে। সপ্তাহান্তে ঝড়বৃষ্টি, বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা প্রবল বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর সক্রিয়তা বাড়বে বলে পূর্বাভাস।

গত কয়েকদিনে কলকাতাসহ বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টির ঘটনাও সামনে এসেছে। প্রবল ঝড়ের কারণে তাপমাত্রা হঠাৎ কমে যাওয়ায় কিছুটা স্বস্তি মিললেও, বারবার আবহাওয়ার এই পরিবর্তন জনজীবনে অসুবিধা তৈরি করছে। আবহাওয়া দফতরের মতে, বুধবার ও বৃহস্পতিবার পর্যন্ত কলকাতার আকাশ প্রধানত পরিষ্কার থাকবে। তবে মাঝেমধ্যে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। শুক্রবার থেকেই আবহাওয়ার চরিত্র বদলাবে। আকাশ মেঘলা হবে এবং বিকেলের দিকে ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। শনিবার ও রবিবার ঝড়বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে।

   

কলকাতা ও সংলগ্ন এলাকায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় শিলাবৃষ্টিও হতে পারে। তাই নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও একই ছবি দেখা যাবে। বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হলেও, শুক্রবার থেকে ঝড়বৃষ্টির প্রকোপ বাড়বে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রপাতের পাশাপাশি শিলাবৃষ্টির ঝুঁকিও রয়েছে এই জেলাগুলিতে।

উত্তরবঙ্গের ক্ষেত্রেও সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং ও কালিম্পং জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই সব এলাকায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে।

এছাড়াও কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। ফলে সপ্তাহান্তে প্রায় গোটা রাজ্যেই আবহাওয়ার অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই সময় কালবৈশাখী হওয়া স্বাভাবিক হলেও, এর তীব্রতা বাড়ার কারণে সতর্ক থাকা জরুরি। ঝড়বৃষ্টির সময় খোলা জায়গা এড়িয়ে চলা, বিদ্যুতের খুঁটি বা বড় গাছের নিচে না দাঁড়ানো এবং নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google