কলকাতা: কেরালা ম্যাচের ধাক্কা কাটিয়ে গত সোমবার দুরন্ত ছন্দ ধরা দিয়েছিল ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে তাঁদের লড়াই করতে হয়েছিল পড়শী ক্লাব তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। শেষ পর্যন্ত সাত গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নেয় অস্কার ব্রুজোর ছেলেরা। দলের তারকা ডিফেন্ডার আনোয়ার আলির পা থেকেই এসেছিল ম্যাচের প্রথম গোল। তারপর সময় যত এগিয়েছে ততই ব্যবধান বাড়িয়েছেন ইউসেফ ইজ্জেজারি থেকে শুরু করে সাউল ক্রেসপো সহ পিভি বিষ্ণু ও নন্দকুমার সেকাররা। যা নিঃসন্দেহে মনোবল ভেঙে দিয়েছিল প্রতিপক্ষ দলের।
আরও পড়ুন: ৭-০ জয়ের পরও নীরব ইস্টবেঙ্গল শীর্ষকর্তা! আইএসএল নিয়ে মন্তব্যে জল্পনা
তবে এদিন ম্যাচের প্রথম থেকেই একাধিক গোলের সুযোগ পেয়েছিলেন দলের তারকা ফরোয়ার্ড ইউসেফ ইজ্জেজারি। শট নেওয়ার পাশাপাশি হেড করে গোলের পরিস্থিতি তৈরি করলেও আটকে যেতে হচ্ছিল বারংবার। যদিও শেষ পর্যন্ত পেনাল্টি থেকে দুইটি গোল করে যান এই মরোক্কান বংশদ্ভূত স্প্যানিশ ফুটবলার। প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে বেশ কিছুটা সময় প্রভাব বিস্তার করলেও পরবর্তীতে তাকে তুলে নেন লাল-হলুদ কোচ। যারফলে আর হ্যাটট্রিক করা সম্ভব হয়নি। স্টেডিয়াম ছাড়ার সময় সাংবাদিকদের তরফে সেই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ আমরা কিভাবে ঘুরে দাঁড়িয়েছি সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাছাড়া তিনটে পয়েন্ট আমরা নিশ্চিত করতে পেরেছি। যেটা সব থেকে বেশি জরুরি ছিল।’
আরও পড়ুন: যুদ্ধের প্রভাব ছাদনাতলায়! আটকে প্রবাসী বর, অনিশ্চয়তায় ডজনখানেক বিয়ে
আরও বলেন, ‘ এই জয় নিয়ে আমরা অত্যন্ত খুশি। গত দুইটি সপ্তাহ আমাদের জন্য প্রচন্ড কঠিন ছিল। সেখান থেকে দলের এই জয় নিঃসন্দেহে সকলের মনোবল বাড়াবে। আগামী ম্যাচে ও আমরা এই পারফরম্যান্স ধরে রাখতে চাই।’ আপাতত সাময়িক বিরতি। তারপর আগামী ১১ই এপ্রিল অ্যাওয়ে ম্যাচে ক্লিফোর্ড মিরান্ডার চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে খেলতে নামবে ইস্টবেঙ্গল ফুটবল দল।




















