মিনি ডার্বির আগে চনমনে মহামেডান, জয়ের লক্ষ্যে ঝাঁপাবে লাল-হলুদ ব্রিগেড

আইএসএলের গুরুত্বপূর্ণ ডার্বি ম্যাচকে সামনে রেখে প্রস্তুতি তুঙ্গে দুই প্রধান শিবির, মহামেডান স্পোর্টিং ক্লাব ও ইস্টবেঙ্গল (ISL mini derby 2026)। ২৩ মার্চ যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হতে চলেছে দুই ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
east-bengal-vs-mohammedan-sporting-isl-mini-derby-2026

আইএসএলের গুরুত্বপূর্ণ ডার্বি ম্যাচকে সামনে রেখে প্রস্তুতি তুঙ্গে দুই প্রধান শিবির, মহামেডান স্পোর্টিং ক্লাব ও ইস্টবেঙ্গল (ISL mini derby 2026)। ২৩ মার্চ যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হতে চলেছে দুই দল, যেখানে তিন পয়েন্টের লড়াইয়ের পাশাপাশি গোল পার্থক্য বাড়ানোও বড় লক্ষ্য লাল-হলুদ শিবিরের। ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুঁজো স্পষ্টই জানিয়ে দিয়েছেন, দল আক্রমণাত্মক ফুটবল খেলতে প্রস্তুত। ফরোয়ার্ড লাইনে দুই স্ট্রাইকার নিয়ে নামার পরিকল্পনা রয়েছে, যেখানে ইউসেফ এজ্জেজ্জারি ও ডেভিড লালহানসাঙ্গার ওপর ভরসা রাখছে কোচিং স্টাফ।

মাঝমাঠে সল ক্রেস্পো ও রশিদের উপস্থিতি দলকে স্থিতিশীলতা দেবে বলেই মনে করা হচ্ছে। তবে চোটের জন্য এখনও পুরোপুরি প্রস্তুত নন আর্জেন্টাইন ডিফেন্ডার কেভিন সিবিল্লে, যদিও দ্রুত সুস্থ হয়ে ওঠার ইঙ্গিত মিলেছে। অন্যদিকে, তরুণ ভারতীয় ফুটবলারদের নিয়েই লড়াই চালিয়ে যাচ্ছে মহামেডান। কোচ মেহরাজুদ্দিন ওয়াদু জানিয়ে দিয়েছেন, বিদেশি ফুটবলার না থাকলেও তাঁর দল আত্মবিশ্বাসী এবং প্রতিটি ম্যাচেই সেরাটা দেওয়ার চেষ্টা করছে।

   

আরও দেখুনঃ ‘শম্পা’ ঘূর্ণিঝড় নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজব, ভিত্তিহীন দাবি আইএমডি-র

অনুশীলনে ফুটবলারদের মধ্যে উৎসাহ স্পষ্ট, যা ডার্বির আগে বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে। হীরা মন্ডলের খেলা নিয়ে কিছুটা সংশয় থাকলেও তাঁকে মাঠে নামানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে গোড়ালির চোটে ছিটকে গিয়েছেন তরুণ ফরোয়ার্ড ইসরাফিল দেওয়ান। ডার্বির আগে সাংবাদিক সম্মেলনে ব্রুঁজো বলেন, দল আগের মতোই ঐক্যবদ্ধ রয়েছে এবং ড্রেসিংরুমের পরিবেশে কোনও পরিবর্তন হয়নি।

মরশুমের শুরুতে যে মানসিকতা ছিল, সেটাই এখনও বজায় আছে বলে দাবি করেন তিনি। পাশাপাশি সমর্থকদের ভূমিকাকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন ইস্টবেঙ্গল কোচ। গোলরক্ষক প্রভসুখন গিলও দলের পারফরম্যান্স নিয়ে আত্মবিশ্বাসী। তাঁর মতে, বিভিন্ন প্রতিযোগিতায় ধারাবাহিক ভালো ফুটবল খেলেছে দল এবং গোলের দিক থেকেও তারা এগিয়ে রয়েছে। সব মিলিয়ে, এই ডার্বি ম্যাচ শুধু তিন পয়েন্টের লড়াই নয়, বরং আত্মসম্মান ও শ্রেষ্ঠত্ব প্রমাণের মঞ্চ হতে চলেছে দুই দলের কাছেই।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google