বেঙ্গালুরু: আইপিএলের (IPL 2026) প্রথম পর্বের সূচি ঘোষণা করেছিল বিসিসিআই। কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হোমগ্রাউন্ড কি হবে? তা নিয়ে যথেষ্ট জল্পনা তৈরি হয়েছিল। অবশেষে কাটল জট। চিন্নাস্বামীতে ম্যাচ আয়োজনের সবুজ সংকেত দিল কর্ণাটক সরকার। স্বস্তি পেল আরসিবি। আগামী ২৮ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএলের ১৯তম সংস্করণ। চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দরাবাদ।
গত বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই বিপাকে পড়ে চিন্নাস্বামী। আরসিবির সেলিব্রেশনের সময় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১১ জনের। আহত বহু। এরপর থেকেই চিন্নাস্বামীতে ম্যাচ আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। অবশেষে কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়েছে, একটি বিশেষজ্ঞ কমিটি স্টেডিয়ামের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করে রিপোর্ট জমা দেয়। সোমবার সেই কমিটির সদস্যদের বৈঠক ছিল। নিরাপত্তা ও পরিকাঠামো খতিয়ে দেখার পর চিন্নাস্বামীতে ম্যাচ আয়োজনের অনুমতি দিয়েছেন কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর।
চিন্নাস্বামীতে ম্যাচ আয়োজনে সবুজ সংকেত পাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয় আরসিবির তরফে। সেই ভিদিও-র ক্যাপশনে লেখা হয়, “অবশেষে সরকারি সিলমোহর পড়ল। উন্মোচিত হতে চলেছে এক নতুন অধ্যায়। যা উত্তাপের পারদ আরও বহুগুণ চড়িয়ে দেবে।“ ভিডিও-র পাশাপাশি একটি রিলও পোস্ট করা হয়। রিলে দেখা যায়, গুগল ম্যাপের লোকেশনে পিন করা। এরপর কাগজের গুগল ম্যাপ ভেদ করে বেরিয়ে আসে চিন্নাস্বামী স্টেডিয়াম। ইংরাজিতে লেখা ‘We are back home’. পাশাপাশি উদ্বোধনী ম্যাচের দিনক্ষণ জানানো হয়। বলে রাখা ভালো, চিন্নাস্বামী স্টেডিয়ামে পাঁচটি হোম ম্যাচ খেলবে আরসিবি।
বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে সাধারণত টিকিটের দাম ২৩০০ থেকে ২৮০০ টাকা থেকে শুরু। মাঝের সারির আসনের দাম ৩৫০০ থেকে ৭৫০০ টাকা। প্যাভিলিয়ন বা প্রিমিয়াম টেরেসে ৮০০০ থেকে ১৫০০০ টাকা। কর্পোরেট হসপিটালিটি বক্সের টিকিটের দাম ৩০,০০০ টাকার বেশি। টিকিট বুক করার জন্য প্রথমে নির্দিষ্ট প্ল্যাটফর্মে গিয়ে যে ম্যাচ দেখতে চাইবেন, সেই ম্যাচ লিখতে হবে। আপনার পছন্দের স্ট্যান্ড ও আসনের সংখ্যা বেছে অনলাইনে পেমেন্ট সম্পন্ন করলেই টিকিট বুকিং হয়ে যাবে। ইউপিআই, ডেবিট বা ক্রেডিট কার্ড এবং নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করা যাবে পেমেন্ট।




















