কলকাতা: বাংলায় নির্বাচন ঘোষণা করেই থেমে নেই নির্বাচন কমিশন। (Election Commission)একের পর এক বড় পদক্ষেপ নিয়েছে তারা। মাঝ রাতে মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিব বদলে দিয়ে ঝোড়ো ইনিংস শুরু করে তারা। এবার কোপ পড়ল প্রশাসনের উপর। বাংলায় ২০২৪ লোকসভা নির্বাচনে যে সব এলাকায় অশান্তি হয়েছে সেইসব এলাকার থানার কর্মকর্তা এবং তাদের উর্ধতন কর্তাদের নামের তালিকা চাইল কমিশন। আজ ১৬ মার্চ সন্ধ্যা ৬টার মধ্যে এই তালিকা পাঠাতে হবে।
এই পদক্ষেপকে রাজনৈতিক মহল নির্বাচনী হিংসার বিরুদ্ধে কমিশনের ‘জিরো টলারেন্স’ নীতি হিসেবে দেখছেন।পশ্চিমবঙ্গে গত কয়েক বছর ধরে নির্বাচনী হিংসা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে, ভোটের দিন এবং ভোটের পরে ব্যাপক হিংসা হয়েছিল। অনেকে মারা গিয়েছেন, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, পরিবার ছিন্নভিন্ন হয়েছে।
আরও দেখুন: আসন্ন আইপিও-তে বিনিয়োগের নতুন ঢেউ: এই সপ্তাহে তিন কোম্পানির অফার খুলছে
বিশেষ করে পোস্ট-পোল ভায়োলেন্স নিয়ে সারা দেশে আলোড়ন পড়ে গিয়েছিল। কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা গড়িয়েছে। তারপর ২০২৪-এর লোকসভা নির্বাচনেও প্রাক-নির্বাচন, ভোটের দিন এবং পরবর্তী সময়ে একই ধরনের ঘটনা ঘটেছে। অনেক জায়গায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে কোথাও নিষ্ক্রিয়তা, কোথাও পক্ষপাতিত্বের অভিযোগ।
এবার নির্বাচন কমিশন সরাসরি পুলিশ প্রশাসনের দিকে আঙুল তুলেছে। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে ফুল বেঞ্চ কলকাতায় এসে রাজ্যের মুখ্যসচিব এবং ডিজিপির সঙ্গে বৈঠক করেছেন। সেখানেই ২০২১-এর পোস্ট-পোল ভায়োলেন্সের সময় কোন কোন অফিসার দায়িত্বে ছিলেন, তাঁদের তালিকা চাওয়া হয়েছে।
এখন আরও এক ধাপ এগিয়ে গিয়ে ২০২১ এবং ২০২৪-এর সব ধরনের সহিংসতা প্রাক-নির্বাচন, ভোটদিন এবং পরবর্তী সংক্রান্ত ঘটনায় যুক্ত থানা এবং তাদের এসএইচও, সুপারভাইজর লেভেলের অফিসারদের নাম চাওয়া হয়েছে। যেসব থানায় সহিংসতায় মানুষ আহত বা নিহত হয়েছে, সেখানকার দায়িত্বপ্রাপ্তদের চিহ্নিত করতে বলা হয়েছে।
এই তালিকা জমা পড়ার পর কী হবে? সূত্রের খবর, দোষী প্রমাণিত হলে ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ ৩১১-এর অধীনে ব্যবস্থা নেওয়া হতে পারে। এর ফলে চাকরি থেকে বরখাস্ত পর্যন্ত হতে পারে। কমিশন স্পষ্ট করে দিয়েছে যে, শুধু বদলি করে ছাড় দেওয়া হবে না। অতীতের হিংসায় জড়িত অফিসারদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত বা আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানা গিয়েছে।




















