শীঘ্রই চালু হবে দিঘায় নতুন পর্যটন আকর্ষণ ‘এমভি নিবেদিতা’

দিঘা: পর্যটকদের জন্য নতুন আকর্ষণ৷ আসছে ‘এমভি নিবেদিতা’ নামের প্রমোদতরী৷ প্রশাসনিক অনুমোদন মিললেই এটি দিঘার (Digha) সমুদ্রে ভাসবে৷ বর্তমানে প্রমোদতরী চালানোর জন্য সব ধরনের পরিকাঠামো প্রস্তুত রাখা হয়েছে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

দিঘা: পর্যটকদের জন্য নতুন আকর্ষণ৷ আসছে ‘এমভি নিবেদিতা’ নামের প্রমোদতরী৷ প্রশাসনিক অনুমোদন মিললেই এটি দিঘার (Digha) সমুদ্রে ভাসবে৷ বর্তমানে প্রমোদতরী চালানোর জন্য সব ধরনের পরিকাঠামো প্রস্তুত রাখা হয়েছে বলে জানা গিয়েছে৷ পূর্ব মুকুন্দপুরের নায়েকালী মন্দির সংলগ্ন চম্পা খাল জেটিতে জলযানটি নোঙর করা হয়েছে৷

দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ উদ্যোগে প্রমোদতরীতে পর্যটকদের জন্য পন্টুন জেটি ও গ্যাংওয়ে নির্মাণ করা হয়েছে৷ মেরিন ড্রাইভ সংলগ্ন রাস্তা থেকে জেটি পর্যন্ত দীর্ঘ কাঠের ব্রিজ তৈরি হয়েছে, যা রাতে আলোকসজ্জায় সজ্জিত হয়ে দর্শকদের জন্য সুন্দর দৃশ্য উপস্থাপন করবে। ডিএসডিএ-এর নিযুক্ত ঠিকাদার সংস্থা সব কাজ বাস্তবায়ন করেছে।

   

জলযানটির নিরাপত্তা যাচাই করতে খাল এবং সংলগ্ন সমুদ্রে একাধিক ট্রায়াল সম্পন্ন হয়েছে৷ যাত্রাপথের মাটির রাস্তা সংস্কার করে সব ধরনের সুবিধা নিশ্চিত করা হয়েছে। অনুমোদন মিলে প্রমোদতরী শীঘ্রই চালু হবে। রাতে প্রমোদতরী আলোকসজ্জিত হবে। থাকবে সাউন্ড সিস্টেম, নাচ-গান ও খানাপিনার ব্যবস্থা। ছোট রেস্তোরাঁর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করা হবে। প্রতি একঘণ্টার জন্য ভ্রমণের বন্দোবস্ত থাকবে। প্রাথমিকভাবে প্রতিদিন দুটি সফর নির্ধারিত হয়েছে। প্রতিটি সফরে সর্বাধিক ৮০ জন পর্যটক অংশ নিতে পারবেন।

প্রমোদতরীতে এলইডি স্ক্রিনে দিঘার উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং স্থানীয় তথ্যচিত্র প্রদর্শিত হবে। পর্যটকরা দিঘা ও সংলগ্ন এলাকার সম্পর্কে জানতে পারবেন। যাত্রা শুরু এবং শেষ হবে জেটি থেকেই। স্পট এবং অনলাইন বুকিং সুবিধা থাকবে। তবে প্রতিজন পর্যটকের ভাড়া এখনও চূড়ান্ত হয়নি। ডিএসডিএ-এর মুখ্য কার্যনির্বাহী সুরজিৎ পণ্ডিত জানিয়েছেন, অনুমোদন মিলে শীঘ্রই প্রমোদতরী চালু করা হবে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google