কলকাতা: মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ক্রমশ আরও ভয়াবহ আকার ধারণ করছে। এবার সরাসরি ড্রোন হামলার শিকার হল টেক-জায়ান্ট অ্যামাজন৷ অন্যদিকে, উদ্ভূত পরিস্থিতির জেরে কুয়েতে চরম সতর্কতা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
কুয়েতে মার্কিন নাগরিকদের জন্য নির্দেশিকা
কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাস তাদের সমস্ত মিশন কর্মীদের অবিলম্বে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে। দূতাবাসের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, “পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমরা সমস্ত মার্কিন নাগরিকদেরও একই পদক্ষেপ নেওয়ার এবং নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিচ্ছি।”
অ্যামাজনের ডেটা সেন্টারে ড্রোন হামলা Amazon Drone Attack Middle East
যুদ্ধের আঁচ এবার এসে পড়ল বহুজাতিক প্রযুক্তি সংস্থার ওপর। অ্যামাজন জানিয়েছে, সংযুক্ত আরব আমিরশাহিতে অ্যামাজনের দুটি ডেটা সেন্টারে সরাসরি ড্রোন আঘাত হেনেছে। বাহরাইনেও অ্যামাজনের একটি ফেসিলিটির কাছে আলাদা একটি ড্রোন হামলা হয়েছে, যার ফলে তাদের পরিকাঠামোগত ব্যাপক ক্ষতি হয়েছে।
অ্যামাজনের বিবৃতি ও বিদ্যুৎ বিভ্রাট
নিজেদের ওয়েবসাইটে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে অ্যামাজন জানিয়েছে, এই হামলার জেরে ভবনগুলির কাঠামোগত ক্ষতি হয়েছে এবং পরিকাঠামোর একাংশে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তবে এই হামলার নেপথ্যে কারা রয়েছে, তা নিয়ে সংস্থাটি স্পষ্টভাবে কাউকে দায়ী করেনি।



















