৩৬ বছরে প্রথমবার, ভোটদান তামিম ইকবালে

ঢাকা: বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে শুরু হয় বাংলাদেশে একসঙ্গে জাতীয় সংসদের নির্বাচন এবং জুলাই সনদ নিয়ে গণভোট। শেষ হয় বিকেল সাড়ে ৪টে নাগাদ। ২৯৯ টি আসনে ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
tamim-iqbal-votes-first-time-bangladesh-election

ঢাকা: বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে শুরু হয় বাংলাদেশে একসঙ্গে জাতীয় সংসদের নির্বাচন এবং জুলাই সনদ নিয়ে গণভোট। শেষ হয় বিকেল সাড়ে ৪টে নাগাদ। ২৯৯ টি আসনে নির্বাচন হচ্ছে। প্রথমে নির্বাচন নির্বিঘ্নে হলেও ধীরে ধীরে উত্তেজনা বাড়ে। শেখ হাসিনার দল আওয়ামি লিগকে নিষিদ্ধ করায় নির্বাচনে অংশ নিতে পারেনি। দীর্ঘ ৩৫ বছর পর প্রথমবার আওয়ামি লিগ বাংলাদেশের ভোটে নেই। এই প্রথমবার ভোট দিলেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল (Tamim Iqbal)। এই নিয়ে আনন্দে আত্মহারা তিনি।

সূত্রের খবর, বৃহস্পতিবার বেলা ১১টার পর চট্টগ্রামের আসকার দিঘির পাড়ে কোতোয়ালি থানার লোকপ্রশাসন কেন্দ্রে ভোট দেন তামিম ইকবাল। সঙ্গী ছিলেন তাঁর দাদা তথা জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার নাফিস ইকবাল। তাঁকে ঘিরে ভোটকেন্দ্রে উপচে পড়া ভিড়। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেয়ে যায় পুলিশ। অবশেষে সেনাবাহিনীর সদস্যদের নিরাপত্তায় ভোটকক্ষে নিয়ে যাওয়া হয় তামিমকে। ৩৬ বছরে প্রথমবার ভোট দিলেন তিনি।

   

ভোটদানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তামিম ইকবাল জানান, “জীবনের প্রথম ভোট দিচ্ছি। সত্যি বলতে পরিবেশটা বেশ ভালো লাগছে। খুবই এক্সাইটেড! পছন্দের প্রার্থীকেই ভোট দিতে পেরে স্বস্তি বোধ করছি। পুরো প্রক্রিয়াটি অনেক সহজ। আশা করি, সবাই এমন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পাবেন এবং নিজ নিজ নাগরিক দায়িত্ব পালন করবেন। আমার পরিবারের সকলেই ভোট দিতে গিয়েছিলেন।“

যে কেন্দ্রে তামিম ভোট দিয়েছেন, তা চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনভুক্ত। সেখানে মোট ভোটার ৪ লক্ষ ১৬ হাজার ৪৬৩ জন। সব মিলিয়ে ভোটকেন্দ্র ১২১ টি। এই আসনে লড়াই করছেন বিএনপি’র প্রার্থী মহম্মদ আবু সুফিয়ান, ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী একেএম ফজলুল হক, আবদুস শুক্কুর, মহম্মদ ওয়াহেদ মুরাদ, সৈয়দ মহম্মদ হাসান মারুফ, শফিউদ্দিন কবির, মহম্মদ নঈম উদ্দীন, মহম্মদ নুরুল আবসার মজুমদার, মহম্মদ হায়দার আলি চৌধুরী এবং আবদুল মোমেন চৌধুরী।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google