কলকাতা: রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি (LPG Price) ও জ্বালানি সংকটের বিরুদ্ধে প্রতিবাদে রাজপথে নামার ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আগামী ১৬ মার্চ, সোমবার কলকাতায় একটি বড় মিছিলের আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস৷ বিকেল ৪টায় কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে ডরিনা ক্রসিং পর্যন্ত এই পদযাত্রা অনুষ্ঠিত হবে।
মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, দেশে যে গ্যাস সংকট তৈরি হয়েছে তার জন্য কেন্দ্রীয় সরকারই দায়ী৷ তাঁর দাবি, আন্তর্জাতিক পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠলেও কেন্দ্র আগাম কোনও প্রস্তুতি নেয়নি৷ ফলে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং সাধারণ মানুষ সমস্যার মুখে পড়েছেন৷
মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, এই পরিস্থিতির মধ্যেই কেন্দ্র গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে ২৫ দিনের নতুন নিয়ম চালু করেছে৷ অর্থাৎ ২৫ দিনের আগে নতুন করে গ্যাস বুক করা যাবে না৷ তাঁর মতে, এই সিদ্ধান্তে সাধারণ মানুষের ভোগান্তি আরও বেড়েছে৷ গ্যাস সংকটের পরিস্থিতি নিয়ে রাজ্য প্রশাসনের সঙ্গেও বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী৷ জেলাশাসক ও পুলিশ সুপারদের নিয়ে বৈঠকে তিনি বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখবেন৷ পাশাপাশি গ্যাস ডিলারদের রাজ্যের মজুত গ্যাস বাইরে না পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষ সমস্যায় না পড়েন৷
মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চেয়েছেন দেশে মোট কত গ্যাস মজুত রয়েছে৷ সেই তথ্য সংসদে প্রকাশ করার দাবিও তুলেছেন তিনি৷ একই সঙ্গে দেশের প্রতিটি রাজ্যের মধ্যে সমানভাবে গ্যাস সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷




















