ভোটের আগে পুরনো ডেরায় অধীর! বহরমপুরে কি এবার প্রার্থী হচ্ছেন ‘রবিনহুড’?

কলকাতা: গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ইউসুফ পাঠানের কাছে অপ্রত্যাশিত হারের পর বেশ কিছুদিন নিজেকে রাজনৈতিক ময়দান থেকে কিছুটা গুটিয়েই রেখেছিলেন তিনি। তবে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ফের ...

By Moumita Biswas

Published:

Follow Us
adhir chowdhury return berhampore

কলকাতা: গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ইউসুফ পাঠানের কাছে অপ্রত্যাশিত হারের পর বেশ কিছুদিন নিজেকে রাজনৈতিক ময়দান থেকে কিছুটা গুটিয়েই রেখেছিলেন তিনি। তবে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ফের স্বমহিমায় দেখা যাচ্ছে একদা বহরমপুরের ‘রবিনহুড’ খ্যাত অধীররঞ্জন চৌধুরীকে। হারানো গড় পুনরুদ্ধারের লক্ষ্যে তিনি কি এবার বহরমপুর থেকে বিধানসভা নির্বাচনে প্রার্থী হবেন? বুধবার তাঁর পুরনো ডেরায় ফেরার পর থেকে রাজনৈতিক মহলে এই জল্পনা চরমে উঠেছে।

গোরাবাজারের পুরনো ডেরায় ফেরা

সাংসদ থাকাকালীন বহরমপুর শহরের গোরাবাজার এলাকার নিজের বাড়ি থেকেই যাবতীয় রাজনৈতিক ও প্রশাসনিক কাজকর্ম সামলাতেন অধীর। ওই বাড়িতেই ছিল তাঁর কার্যালয়, সেখান থেকেই নিয়মিত সাংবাদিকদের মুখোমুখি হতেন তিনি। কিন্তু লোকসভা ভোটে হারের পর বাড়িটি কার্যত ফাঁকাই পড়েছিল। বুধবার হঠাৎ করেই গোরাবাজারের সেই চেনা বাড়িতে হাজির হন অধীররঞ্জন চৌধুরী। সেখানে তিনি একটি সাংবাদিক বৈঠকও করেন।

   

আচমকা তাঁর এই উপস্থিতির পর থেকেই অধীর-ঘনিষ্ঠ এবং অনুগামীদের আনাগোনা ফের বাড়তে শুরু করেছে গোরাবাজারের এই কার্যালয়ে, যা তাঁর প্রার্থী হওয়ার জল্পনাকেই আরও উসকে দিয়েছে।

প্রার্থী হওয়া নিয়ে কী বলছেন অধীর? adhir chowdhury return berhampore

আগামী বিধানসভা নির্বাচনে বহরমপুর শহর থেকে প্রার্থী হওয়ার জল্পনা নিয়ে অধীর নিজে সরাসরি মুখ খোলেননি। ভোট ভাগ্য ফেরাতেই তিনি পুরনো ঘাঁটিতে ফিরলেন কি না, সাংবাদিকদের এই প্রশ্নের জবাবও তিনি হেসে উড়িয়ে দিয়েছেন।

এর আগে প্রার্থী হওয়ার প্রসঙ্গে তিনি জানিয়েছিলেন, “ভোটে লড়ব কি না, আমি এখনও সেই সিদ্ধান্ত নিইনি। আমরা কংগ্রেস দল, সবাই একসঙ্গে লড়ব। তবে আমি ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিইনি যে, লড়ব কি না।” পুরো বিষয়টি তিনি কার্যত কংগ্রেস হাইকম্যান্ডের কোর্টেই ঠেলে দিয়েছেন।

পায়ের তলার মাটি শক্ত করার লড়াই

গত লোকসভা ভোটে বহরমপুরের সাংসদ পদ হারানোর পাশাপাশি প্রদেশ কংগ্রেস সভাপতির পদও খোয়াতে হয়েছে অধীরকে। ফলে নিজের রাজনৈতিক জমি ও পায়ের তলার মাটি ফিরে পেতে তিনি যে এবার বিধানসভা ভোটে প্রার্থী হতে পারেন, সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছেন না তাঁর ঘনিষ্ঠরা।

এবারের বিধানসভা নির্বাচনে রাজ্যে কংগ্রেস যে একাই লড়াই করবে, তা ইতিমধ্যেই স্পষ্ট করে দেওয়া হয়েছে। এখন বিধানসভায় দলের শক্তিবৃদ্ধি নিশ্চিত করতে কংগ্রেস হাইকম্যান্ড অধীরকে টিকিট দেয় কি না, রাজনৈতিক মহলের নজর এখন সেদিকেই।

ভিডিও নিউজ দেখুন

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google