সোহিনী পোড়েল, কলকাতা: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। ঘড়ির কাঁটায় সন্ধ্যা ৬.৩০ মিনিট হলেই আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস এবং ৭টা বাজলেই পিচে বল গড়াতে শুরু করবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের মেগা ফাইনাল ( T20 World Cup Final)। মুখোমুখি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত ও নিউজিল্যান্ড। এই ম্যাচকে কেন্দ্র করে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। ঠিক তেমনই আমেদাবাদ জুড়ে বিশ্বকাপের মেগা ফাইনালের টিকিটের কালোবাজারি। ইতিমধ্যেই ২ জনকে আটক করেছে পুলিশ।
অভিযোগ, ২ হাজার টাকার টিকিট ১০-১২ হাজার টাকা করে নিচ্ছিল ২ যুবক। তাঁদের ধরতে মরিয়া হয়ে ওঠে ক্রাইম ব্রাঞ্চ। গোপন সূত্রে খবর পেয়ে উসমানপুরা গুজরাট বিদ্যাপীঠের এসটি বাস স্ট্যান্ডের কাছে জাল বিছিয়ে রাখে ক্রাইম ব্রাঞ্চ। তাঁদের পাতা জালে ধরা দেয় ২ জন। তল্লাশি চালিয়ে অভিযুক্ত ২ জনের কাছ থেকে ফাইনালের মোট ৮ টি টিকিট উদ্ধার করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে ৩৩(১)(এক্স) এবং ১৩১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আমেদাবাদের পুলিশ কমিশনার জিএস মালিক জনিয়েছেন, “নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। ম্যাচ আয়োজনের সমস্ত প্রস্তুতি সারা। প্রায় ৩ হাজার পুলিশকর্মী এবং এক হাজার হোমগার্ড মোতায়েন থাকবে। স্টেডিয়ামের প্রবেশপথে ভিড় নিয়ন্ত্রণের জন্য ১ ও ২ নম্বর গেটের কাছে বিশেষ সংরক্ষিত এলাকা তৈরি করা হয়েছে। অতিরিক্ত ভিড় বা পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি এড়ানোর জন্যই এই ব্যবস্থা। এক লক্ষেরও বেশি দর্শক হওয়ার সম্ভাবনা রয়েছে।“
২০২৩ সালের পর থেকে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামকে ভারতের কাছে ‘অপয়া’ হিসেবে ধরা হয়। রবিবার কি ‘অপয়া’, ‘অভিশাপ’ কাটাতে পারবে টিম ইন্ডিয়া? নাকি অসহায় ভাবে আত্মসমর্পণ করবে ভারত? এখন এই সব প্রশ্নই ঘুরছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে।




















