সোহিনী পোড়েল, কলকাতা: আর মাত্র ১ রাতের অপেক্ষা। রবিবার ঘড়ির কাঁটায় সন্ধ্যা ৬.৩০ মিনিট হলেই টস এবং ৭টা বাজলেই পিচে বল গড়াতে শুরু করবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। ২০১৯ সালে বিশ্বকাপের সেমিফাইনালে কিউইদের কাছে হেরেই স্বপ্নভঙ্গ হয়েছিল টিম ইন্ডিয়ার। নিজের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে খালি হাতে ফিরতে হয়েছিল মহেন্দ্র সিং ধোনিকে। এবার সেই হারের বদলা নেওয়ার পালা সূর্যদের সামনে। শনিবার বিশ্বকাপের ফাইনালে নামার আগে রীতিমতো হুঁশিয়ারি দিলেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার।
ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার বলেন, “ট্রফি জেতার জন্য ছোটখাট চেষ্টাগুলোও করুন। ট্রফি জেতার জন্য কিছু হৃদয় ভাঙতে হলেও সমস্যা নেই। এখনও উইকেট দেখিনি। তবে রান উঠবে অনেক। বিশ্বকাপের আগে পাঁচটা ম্যাচ খেলেছি সেখানেও ভালো পিচ ছিল। টুর্নামেন্টে আমরা ধাপে ধাপে লক্ষ্যমাত্রা অর্জন করেছি। প্রথমে গ্রুপ পর্ব, সেখান থেকে সুপার এইট, তারপর সেমিফাইনাল। গোটা টিম খুবই উত্তেজিত। বিশেষ করে গত ম্যাচটা যেভাবে জিতেছি তাতে আত্মবিশ্বাস বাড়বে। ভারতও একইভাবে আত্মবিশ্বাস পেয়েছে সেমিফাইনাল থেকে। ভারতকে হারাতে চায় কিউই ব্রিগেড।“
কিউই অধিনায়ক আরও বলেন, “আমরা ফেভারিট নই। কিন্তু নিজেদের সবটুকু দিয়ে চেষ্টা করলে ট্রফি জেতার মতো পরিস্থিতি আসতেই পারে আমাদের।“ গত ১১ বছরে ৫ বার আইসিসি ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। এর মধ্যে মাত্র ১ বার চ্যাম্পিয়ন হয়েছে কিউইরা। ষষ্ঠবার ফাইনালে উঠে চিত্রটা বদলাতে চায় তাঁরা। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতের কাছে ‘অপয়া’ হিসেবে পরিচিত। ২০২৩ সালে আহমেদাবাদে অস্ট্রেলিয়ার কাছে হেরে কোটি কোটি ভারতবাসীর মন ভেঙে ছিল। এখন দেখার এবার কি হয়!




















