বেলদা: চলন্ত ট্রেনে সন্তান প্রসব (Child) করলেন এক পরিযায়ী শ্রমিক পরিবারের গৃহবধূ। ডাউন এসএমভিটি বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট যশবন্তপুর এক্সপ্রেসে (১২৮৬৪) এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে যায়।
রেল পুলিশের তৎপরতায় প্রসূতি ও সদ্যোজাত কন্যা সন্তানকে উদ্ধার করে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে মা ও শিশু উভয়ই সুস্থ রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অসমের দারাঙ জেলার ডালগাঁও থানার ১ নম্বর শিয়ালমারি এলাকার বাসিন্দা ৩৫ বছর বয়সি কচিরান নেশা তাঁর স্বামী বাহারুলের সঙ্গে কর্নাটকে থাকতেন। বাহারুল সেখানে চা বাগানের শ্রমিক হিসেবে কাজ করেন।
প্রসবের সময় এগিয়ে আসায় তাঁরা বেঙ্গালুরু থেকে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন। ট্রেনটি ওড়িশার বালেশ্বর স্টেশন ছাড়ার পরই কচিরান বিবির তীব্র প্রসব বেদনা শুরু হয়। ট্রেনের কামরাতেই সহযাত্রী মহিলাদের সহযোগিতায় তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন।
বিষয়টি ট্রেনের দায়িত্বপ্রাপ্ত টিকিট পরীক্ষককে জানানো হলে তিনি দ্রুত রেল পুলিশ ও খড়গপুর কন্ট্রোল রুমে যোগাযোগ করেন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ডাউন যশবন্তপুর এক্সপ্রেসকে তড়িঘড়ি বেলদা স্টেশনে থামানোর ব্যবস্থা করা হয়।
ট্রেনটি বেলদা স্টেশনে পৌঁছালে রেল পুলিশের কর্মীরা প্রসূতি ও সদ্যোজাতকে অত্যন্ত সতর্কতার সঙ্গে নামিয়ে আনেন। সেখান থেকে তাঁদের দ্রুত বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।




















