সায়ন সেনগুপ্ত, কলকাতা: জয়ের মধ্য দিয়ে এবারের আইএসএল শুরু করলেও তৃতীয় ম্যাচে ধাক্কা খেয়েছে ইস্টবেঙ্গল (East Bengal) দল। নর্থইস্ট ইউনাইটেড এবং স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নেওয়ার পর গত ২৭শে ফেব্রুয়ারি নিজেদের তৃতীয় ম্যাচে নেমেছিল ইস্টবেঙ্গল। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল ওয়েন কোয়েলের জামশেদপুর এফসি। একটা সময় সেই ম্যাচে এগিয়ে থাকলেও পরবর্তীতে তা ধরে রাখা সম্ভব ছিল না। ম্যাচের দ্বিতীয়ার্ধে দুটি গোল হজম করতে হয়েছিল মশাল ব্রিগেডকে। যারফলে তিন পয়েন্ট মাঠেই ফেলে আসতে হয়েছিল ফুটবলারদের।
সেই ধাক্কা কাটিয়ে এবার ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর অস্কার ব্রুজোর ছেলেরা। সূচি অনুযায়ী আগামী ৫ই মার্চ চতুর্থ ম্যাচে নামতে চলেছে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে মানোলো মার্কেজের এফসি গোয়া। পরিসংখ্যান অনুযায়ী দেখলে ৩ ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে গোয়া। তাঁদের পরেই রয়েছে মুম্বাই সিটি এফসি। অপরদিকে, ৩ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ইস্টবেঙ্গল ক্লাব। আগামীকালের ম্যাচ জিতে নিজেদেরকে উপরের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা থাকবে লাল-হলুদের। কিন্তু কাজটা যে সহজ নয় সেটা ভালো মতোই জানেন অস্কার।
বিশেষ করে এই রমজানের সময় বিকেলের দিকে ম্যাচ রাখা নিয়েও এদিন তীব্র অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় স্প্যানিশ কোচকে। তিনি বলেন, ‘ নর্থইস্ট ম্যাচ আমরা সন্ধ্যায় খেলেছি। কিন্তু অদ্ভুতভাবে রমজান শুরু হওয়ার পর আমাদের ম্যাচ গুলো বিকেল পাঁচটায় করে দেওয়া হয়েছে। আবার রমজানের পর আমাদের সব ম্যাচ সন্ধ্যায় করে দেওয়া হয়েছে। আমাদের দলে একাধিক মুসলিম ধর্মালম্বী খেলোয়াড় আছে। আমি ক্রিস্টান হওয়ায়, ওদের কষ্ট শারীরিকভাবে না হলেও, বুঝতে পারি ওরা কতটা কষ্ট করে খেলছে।’
একইভাবে দলের তারকা ফুটবলার মহম্মদ রশিদ বলেন, ‘ আমরা দলের জন্য লড়াই করছি। যতটা সম্ভব দলকে সাহায্য করার চেষ্টা করছি। আমাদেরকে আমাদের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যেতে হবে।’ তবে এমন পরিস্থিতিতে আদৌও লাল-হলুদের ম্যাচের সময় বদল করা হয় কিনা সেটাই দেখার।




















