সায়ন সেনগুপ্ত, কলকাতা: গত কয়েক বছর ধরেই দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগে দুরন্ত পারফরম্যান্স করে আসছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। একের পর এক শক্তিশালী দলকে অনায়াসেই টেক্কা দিয়েছে কলকাতার এই প্রধান। বর্তমান সময়ের নিরিখে দেশের অন্যতম সফল ক্লাবগুলির একটি মোহনবাগান। এবারও খুব একটা বদল হয়নি। সিজনের শুরুতেই ঐতিহাসিক আইএফএ শিল্ড ঘরে তুলেছে সবুজ-মেরুন। সেই নিয়ে যথেষ্ট খুশি সমর্থকরা। কিন্তু সেখানেই শেষ নয়, গতবারের ধারা বজায় রেখেই এবার ইন্ডিয়ান সুপার লিগে চূড়ান্ত সাফল্য চান বাগান ফুটবলাররা।
সেইমতো দুরন্ত শুরু করেছে মেরিনার্সরা। কেরালা ব্লাস্টার্স থেকে শুরু করে চেন্নাইয়িন এফসি সহ পড়শী ক্লাব মোহামেডান স্পোর্টিংকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে মোহনবাগান। আগামী ৬ই মার্চ তাঁদের পরবর্তী ম্যাচ যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে ওডিশা এফসি। এখন সেই ম্যাচের দিকেই নজর রয়েছে প্রত্যেকের। তবে এসবের মাঝেই গতকাল থেকে দর্শকদের উপস্থিতি নিয়ে উঠে আসতে শুরু করেছিল একাধিক প্রশ্ন। প্রথমদিকে ফেডারেশনের তরফে দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের কথা জানানো হলেও পরবর্তীতে সীমিত সংখ্যক দর্শক নিয়ে ম্যাচ পরিচালনার কথা উঠে আসে।
যদিও এখনও পর্যন্ত স্পষ্ট হয়নি যে কত সংখ্যক সমর্থক এদিন প্রবেশ করতে পারবেন স্টেডিয়ামে। তবে এসবের মাঝেই সকলকে চমকে দিয়ে সমর্থকদের উদ্দেশ্যে বিশেষ ঘোষণা করলেন সঞ্জীব গোয়েঙ্কা। বেশ কিছুক্ষণ আগেই মোহনবাগান সুপার জায়ান্টের অফিসিয়াল পেজ থেকে আপলোড করা হয় সমর্থকদের উদ্দেশ্যে তাঁর বিশেষ বিবৃতি। যেখানে বলা হয়, ‘ হোলি এবং আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমরা মোহনবাগান সমর্থকদের জন্য বিশেষ পরিকল্পনা করেছি। প্রতিটি সমর্থক ওডিশার বিরুদ্ধে আমাদের আসন্ন হোম ম্যাচের জন্য দুটি বিনামূল্যে সাধারণ টিকিট পাবেন।’
আরও বলেন, ‘ এই ক্লাব আপনাদের সমর্থনের কারণে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আপনারা আমাদের শক্তি, এবং আপনারা আমাদের কাছে সবকিছু। এই মুহূর্তটি আমাদের সবুজ- মেরুন পরিবারের অবিচ্ছেদ্য অংশ, সেইসাথে নারীদের প্রতি শ্রদ্ধা ও জানাচ্ছি।’




















