মথুরা: মর্মান্তিক পথ দুর্ঘটনা উত্তরপ্রদেশের মথুরায়। যমুনা এক্সপ্রেসওয়েতে একটি দাঁড়িয়ে থাকা বাসকে পেছন থেকে প্রচণ্ড জোরে ধাক্কা মারল একটি দ্রুতগামী কন্টেইনার ট্রাক। এই ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৬ জন যাত্রীর এবং আহত হয়েছেন আরও একজন। শনিবার ভোররাতে মথুরার সুরের থানা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিবরণ
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসটি নয়ডা থেকে কানপুরের রসুলাবাদের দিকে যাচ্ছিল। ভোররাত ২টো ৪৫ মিনিট নাগাদ বাসের এক যাত্রী শৌচকর্মের জন্য বিরতি চাইলে চালক এক্সপ্রেসওয়ের ওপর বাসটি দাঁড় করান। অভিযোগ, চালক বাসটি নির্ধারিত ‘গ্রিন জোন’-এ না দাঁড় করিয়ে রাস্তার পাশেই দাঁড় করিয়েছিলেন।
সেই সময় পেছন থেকে আসা একটি কন্টেইনার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিতে ধাক্কা মারে। বাসের পাশেই দাঁড়িয়ে থাকা যাত্রীরা ট্রাকের ধাক্কায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। আহত যাত্রীকে উদ্ধার করে দ্রুত জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
মুখ্যমন্ত্রীর শোক ও তদন্ত Yamuna Expressway accident
এই ভয়াবহ দুর্ঘটনার খবর পেয়ে শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে তিনি জেলা প্রশাসনকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন।
এদিকে দুর্ঘটনার পর থেকেই বাসের চালক ও ট্রাকের চালক, দুজনই পলাতক। পুলিশ তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে। বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে।




















