কলকাতা: সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রাক দোল উৎসবের আগেই রাজ্যবাসীর জন্য বিশেষ উপহার হিসেবে কল্যাণী এক্সপ্রেসওয়ে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ প্রায় ৩,৫০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই এক্সপ্রেসওয়ে কলকাতা ও কল্যাণীর মধ্যে দ্রুত ও নিরাপদ যোগাযোগ নিশ্চিত করবে৷
নতুন এক্সপ্রেসওয়ে ৪/৬ লেন বিশিষ্ট এবং সিগন্যাল-ফ্রি, এতে মোট ২১টি ফ্লাইওভার রয়েছে৷ এক প্রান্ত যুক্ত হয়েছে নিমতায় বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের সঙ্গে, অন্য প্রান্ত সংযুক্ত হচ্ছে গঙ্গার উপর নির্মীয়মাণ ঈশ্বর গুপ্ত সেতু এবং ১২নম্বর জাতীয় সড়কের বড় জাগুলির সঙ্গে৷পূর্বে এই রুট অতিক্রম করতে দুই ঘণ্টার বেশি সময় লাগত৷ নতুন এক্সপ্রেসওয়ে চালু হওয়ায় যাত্রার সময় অর্ধেক হবে বলে আশাবাদী রাজ্য সরকার৷
উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এসআইআর আতঙ্কে মৃত্যু হওয়া ৩৬ পরিবারের একজনকে হোমগার্ড চাকরির নিয়োগপত্র তুলে দেন৷ পরিবারের সদস্যরা ধন্যবাদ জানিয়ে বলেন, “মুখ্যমন্ত্রীর উদ্যোগ আমাদের জন্য আশার আলো৷” মুখ্যমন্ত্রী বলেন, “কল্যাণী এক্সপ্রেসওয়ে কেবল একটি সড়ক নয়, এটি মানুষের জীবনমান উন্নয়নের প্রতীক৷ আমরা চাই, রাজ্যবাসী প্রত্যেকে উন্নয়নের সুফল ভোগ করুক৷”




















