সায়ন সেনগুপ্ত, কলকাতা: টানা দুইটি ম্যাচে জয়ের পর আজ আইএসএলের (ISL 2026) তৃতীয় ম্যাচে নেমেছে মোহনবাগান সুপার জায়ান্ট। যেখানে তাঁদের প্রতিপক্ষ মহামেডান স্পোর্টিং ক্লাব। এক কথায় বলতে গেলে এই টুর্নামেন্টের প্রথম ডার্বি ম্যাচ। যারফলে প্রথম থেকেই যথেষ্ট উন্মাদনা ছিল সমর্থকদের মধ্যে। তবে শুরুটা খুব একটা ভালো ছিল না সবুজ-মেরুনের। ম্যাচের ১২ মিনিটের মাথায় কর্নার থেকে দুরন্ত হেডে গোল করে মহামেডান স্পোর্টিং ক্লাবকে এগিয়ে দেন লালথানকিমা। যা নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিল দলের ফুটবলারদের। কিন্তু সেটা বেশিক্ষণ বজায় থাকেনি।
মিনিট দশেকের মধ্যেই গোল করে দলকে সমতায় ফেরান ব্রাজিলিয়ান তারকা রবসন রবিনহো। ম্যাচে ফেরার পর থেকেই নিজেদের হারানো শক্তি ফিরে পেতে শুরু করে বাগান ব্রিগেড। মিনিট পাঁচেকের মধ্যেই নিজের দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে দেন রবসন। তারপর আর খুব একটা অসুবিধা হয়নি। ম্যাচের বয়স বাড়ার সাথে সাথেই ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠতে শুরু করে মেরিনার্সরা। তারপর ৩৫ মিনিটের মাথায় ব্যবধান আরও বাড়িয়ে দিয়ে যান অজি বিশ্বকাপার জেমি ম্যাকলারেন। তারপর থেকেই কার্যত নিষ্ক্রিয় হয়ে যায় মহামেডান স্পোর্টিং ক্লাবের আক্রমণভাগ।
তারপর কিছুটা সমস্যা দেখা দেয় রবসন রবিনহোর। এই পরিস্থিতিতে তাঁকে মাঠ থেকে তুলে নেন লোবেরা। পরিবর্ত হিসেবে ৩৯ মিনিটের মাথায় মাঠে আসেন বাগান সমর্থকদের নয়নের মনি দিমিত্রি পেত্রাতোস। তারপর বাকি সময় জুড়ে সাদা-কালো ব্রিগেডের রক্ষণভাগে দাপিয়ে বেড়ান জেসন কামিন্স থেকে শুরু করে মনবীর সিংরা। বেশকিছু গোলমুখী শট ও লক্ষ্য করা যায় বাগান ফুটবলারদের তরফে। কিন্তু অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় সেগুলি। যারফলে আপাতত প্রথমার্ধের শেষে দুইটি গোলের ব্যবধানে এগিয়ে মোহনবাগান।




















