অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপের আগে দলে যোগ এই তারকার!

বিশ্বকাপের (T20 World Cup) উত্তাপ ক্রমশ বাড়ছে। আর মাত্র দিন দশেক পরেই, ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ভারতের বিশ্বকাপ অভিযান। তার আগে ভারতীয় শিবিরে এল বড় সুখবর। চোট-আশঙ্কা ...

By Subhasish Ghosh

Published:

Follow Us
t20-world-cup-tilak-varma-fitness-update-team-india

বিশ্বকাপের (T20 World Cup) উত্তাপ ক্রমশ বাড়ছে। আর মাত্র দিন দশেক পরেই, ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ভারতের বিশ্বকাপ অভিযান। তার আগে ভারতীয় শিবিরে এল বড় সুখবর। চোট-আশঙ্কা কাটিয়ে মাঠে ফেরার পথে তারকা ব্যাটার তিলক বর্মা। বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্স থেকে খুব শীঘ্রই ফিটনেস ছাড়পত্র পেতে চলেছেন তিনি।

বিজয় হাজারে ট্রফির একটি ম্যাচে খেলতে নেমে তলপেটে তীব্র ব্যথা অনুভব করেন তিলক। চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচার করাতে হয় তাঁকে। সেই কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে খেলতে পারেননি এই তরুণ ব্যাটার। তিলকের অনুপস্থিতিতে কিউয়িদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দলে নেওয়া হয়েছিল শ্রেয়স আইয়ারকে। যদিও চার ম্যাচের কোনওটিতেই মাঠে নামার সুযোগ পাননি শ্রেয়স।

   

সূত্রের খবর, বর্তমানে বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে রয়েছেন তিলক বর্মা। সেখানে এক ম্যাচ সিমুলেশনে অংশ নেবেন তিনি। সাধারণত দীর্ঘ চোট কাটিয়ে ওঠা কোনও ক্রিকেটারের ম্যাচ ফিটনেস যাচাই করতেই এই ধরনের সিমুলেশন ম্যাচের আয়োজন করা হয়। সেই পরীক্ষায় সফল হলে, দ্রুতই ফিট সার্টিফিকেট হাতে পাবেন তিলক। সবকিছু ঠিকঠাক থাকলে ৩ ফেব্রুয়ারিই ভারতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা তাঁর।

অন্যদিকে, অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে বুকের হাড়ে চোট পান তিনি। তার জেরেই টি-টোয়েন্টি সিরিজ থেকে পুরোপুরি ছিটকে যান সুন্দর। তাঁর পরিবর্ত হিসেবে দলে নেওয়া হয়েছে তরুণ স্পিনার রবি বিষ্ণোইকে। তবে বিশ্বকাপে সুন্দরকে পাওয়া যাবে কি না, তা এখনও স্পষ্ট নয়। তাঁকেও ম্যাচ সিমুলেশনে অংশ নিতে হবে। সেই পরীক্ষার ফলাফলের উপরেই নির্ভর করছে তাঁর বিশ্বকাপ ভাগ্য।

বিশ্বকাপের আগে একের পর এক চোট-আশঙ্কা টিম ইন্ডিয়ার কপালে চিন্তার ভাঁজ ফেললেও, তিলক বর্মার দ্রুত সুস্থ হয়ে ওঠা নিঃসন্দেহে ভারতীয় শিবিরে বড় স্বস্তির খবর। এখন দেখার, শেষ মুহূর্তে ফিটনেস পরীক্ষায় কারা পাশ করেন, আর কাদের অপেক্ষা বাড়ে আরও কিছুটা।

ভিডিও নিউজ দেখুন

Subhasish Ghosh

[email protected]

Follow on Google