ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের। পরবর্তীতে রাজনীতিতে শনিবার এক গুরুত্বপূর্ণ অধ্যায় যুক্ত হতে চলেছে। শনিবার বিকেল ৫টায় রাজ্যের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন সুনেত্রা পাওয়ার (sunetra pawar) । রাজনৈতিক সূত্রের দাবি, এনসিপি-র শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে তাঁকে উপমুখ্যমন্ত্রী পদের যে প্রস্তাব দেওয়া হয়েছিল, তা তিনি গ্রহণ করেছেন। ফলে রাজ্যের ক্ষমতার সমীকরণে যে বড়সড় পরিবর্তন আসতে চলেছে, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, শপথগ্রহণের পর সুনেত্রা পাওয়ারের কাঁধে রাজ্য সরকারের আবগারি এবং ক্রীড়া মন্ত্রকের দায়িত্ব তুলে দেওয়া হতে পারে। এই দুটি দফতরই প্রশাসনিক ও রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।
সুনেত্রা পাওয়ার দীর্ঘদিন ধরেই এনসিপি-র রাজনীতির সঙ্গে যুক্ত। দলের অভ্যন্তরে তিনি একজন সংগঠক ও কৌশলী নেতা হিসেবে পরিচিত। যদিও তিনি এতদিন সরাসরি প্রশাসনিক দায়িত্বে ছিলেন না, তবে দলের নীতিনির্ধারণী স্তরে তাঁর প্রভাব বরাবরই লক্ষণীয়। উপমুখ্যমন্ত্রী পদে তাঁর অভিষেক এনসিপি-র অন্দরমহলে শক্তির ভারসাম্য নতুন করে সাজাবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।




















