কলকাতা: প্রতিদিনই একটু একটু করে বাড়ছে সোনার দাম। বিশেষ করে এই বিয়ের মরসুমে সোনার দাম বৃদ্ধি হওয়ায় সাধারণ মানুষের মাথায় হাত পড়েছে। সোনা (Gold Price) ও রুপোর দাম কার্যত নতুন ইতিহাস তৈরি করল। সর্বকালের সব রেকর্ড ভেঙে আজ প্রথমবার চার লাখ টাকার গণ্ডি পার করল রুপো। তবে এখানেই শেষ নয়, সোনার দামও পৌঁছেছে নজিরবিহীন উচ্চতায়।
আজ লক্ষ্মীবারে বাজার খুলতেই সোনা-রুপোর দামও(Gold Price) বৃদ্ধি পেয়েছে। আজ রুপোর দাম এক ধাক্কায় বেড়ে প্রতি কেজিতে পৌঁছেছে ৪ লক্ষ ৭ হাজার ৪৫৬ টাকায়। চার লাখের সীমা ভাঙল রুপো, যা আগে কখনও দেখা যায়নি।
আজ ১০ গ্রাম সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৭৫ হাজার ৮৬৯ টাকায়। কলকাতার বাজারে আজ ২৪ ক্যারেট সোনার দামে চোখ রাখলে এই রেকর্ড বৃদ্ধির ছবি আরও স্পষ্ট হয়। ২৪ ক্যারেট সোনার ১ গ্রাম দাম রয়েছে ১৭ হাজার ৮৮৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম পৌঁছেছে ১ লক্ষ ৭৮ হাজার ৮৫০ টাকায়। আজ ২২ ক্যারেট সোনার (Gold Price) ১ গ্রাম দাম রয়েছে ১৬ হাজার ৩৯৫ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ৬৩ হাজার ৯৫০ টাকা।




















