স্কুল-ছুট কিশোরী। চোখে রঙিন স্বপ্ন। প্রেম প্রস্তাব পেতে ভালো লাগে। প্রেমে পড়লে সব উজার করেও দিতে পারে সাত-পাঁচ না ভেবে। এমনই এক কিশোরীর মর্মান্তিক পরিণতি সামনে এসেছে। অভিযোগ, প্রেমের ফাঁদে পা দিয়ে যৌন নির্যাতনের শিকার হয়েছেন অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) কিশোরী।
অভিযোগকারী ১৯ বছরের স্কুল-ছুট কিশোরী। অভিযুক্ত ২২ বছরের যুবক। সে কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্র। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁদের আলাপ হয়। দশ দিনের মধ্যে প্রেমের গভীরতা বাড়ে। সরস্বতী পুজোর সন্ধেয় হোটেলে চলে যায় তারা। ১৮ বছরের ঊর্ধ্বে বয়স হলে যুগলদের হোটেলের ঘর পেতে সমস্যা হয় না। কিন্ত সমস্যা শুরু হয় হোটেলের ঘর থেকেই।
কিশোরীর অভিযোগ, হোটেলের ঘরে তাকে যৌন নির্যাতন করে প্রেমিক যুবক। শুধু তাই নয় আরও কয়েকজন সঙ্গীও ছিল কলেজ পড়ুয়ার। কোনোরকমে হোটেল থেকে পালান কিশোরী। বাড়িতে সব কথা খুলে বলেন। পরের দিন থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে পুলিশ। তদন্তকারীদের মতে, হোটেলের সিসি ক্যামেরার ফুটেজে একাধিক ছেলেকে ঘরে ঢুকতে দেখা গিয়েছে। বড়সড় কাণ্ড ঘটানোর ছক কষেছিল অভিযুক্ত যুবক। তার আগেই পালিয়ে বাঁচেন কিশোরী। সোশ্যাল মিডিয়ার জগৎ কতটা ভয়ঙ্কর হতে পারে তার যেন জ্বলন্ত প্রমাণ দিল এই কিশোরীর সঙ্গে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা।




















