আজ দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট: কোন পরিষেবা চালু আর কোনটি বন্ধ? জানুন এক নজরে

কলকাতা: টানা ছুটি শেষ, ফের শুরু হয়েছে কর্মব্যস্ততা৷ তবে মঙ্গলবার চরম ভোগান্তির মুখে পড়তে পারেন ব্যাঙ্ক গ্রাহকরা। পাঁচ দিনের কর্মদিবস বা ‘ফাইভ ডে উইক’-এর দাবিতে ২৭ জানুয়ারি দেশব্যাপী ...

By Moumita Biswas

Published:

Follow Us
Nationwide Bank Strike

কলকাতা: টানা ছুটি শেষ, ফের শুরু হয়েছে কর্মব্যস্ততা৷ তবে মঙ্গলবার চরম ভোগান্তির মুখে পড়তে পারেন ব্যাঙ্ক গ্রাহকরা। পাঁচ দিনের কর্মদিবস বা ‘ফাইভ ডে উইক’-এর দাবিতে ২৭ জানুয়ারি দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্ক ইউনিয়নগুলির যৌথ মঞ্চ ‘ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস’ (UFBU)। রবি ও সোমবার ছুটির পর মঙ্গলবার ধর্মঘটের জেরে টানা তিনদিন ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে।

কেন এই ধর্মঘট?

মূলত অল্টারনেট স্যাটারডে বা বর্তমানে প্রচলিত ব্যবস্থার বদলে সপ্তাহের সবকটি শনিবার ছুটির দাবিতে সরব হয়েছে ইউনিয়নগুলি। ২০২৪ সালের মার্চ মাসে ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনের (IBA) সঙ্গে ১২তম দ্বিপাক্ষিক চুক্তিতে এই প্রস্তাব গৃহীত হলেও, এখনও সরকারের তরফ থেকে চূড়ান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়নি। গত ২৩ জানুয়ারি মুখ্য শ্রম কমিশনারের সঙ্গে ইউনিয়ন প্রতিনিধিদের বৈঠক হলেও কোনও সমাধানসূত্র না মেলায় ধর্মঘটের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে ৯টি সংগঠনের এই যৌথ মঞ্চ।

   

কোন কোন পরিষেবা ব্যাহত হতে পারে? Nationwide Bank Strike

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) এবং ব্যাঙ্ক অফ বরোদার মতো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে এই ধর্মঘটের প্রভাব সবথেকে বেশি পড়বে। নগদ জমা ও উত্তোলন, চেক ক্লিয়ারেন্স এবং ড্রাফট তৈরির মতো কাজ আটকে যেতে পারে। এদিকে, টানা ব্যাঙ্ক বন্ধ থাকায় বেশ কিছু এলাকায় এটিএম-এ নগদ ফুরিয়ে যাওয়ার আশঙ্কাও থাকছে।

তবে স্বস্তির খবর হল, এইচডিএফসি (HDFC), আইসিআইসিআই (ICICI) বা অ্যাক্সিস ব্যাঙ্কের মতো বেসরকারি ব্যাঙ্কগুলিতে কাজ স্বাভাবিক থাকার সম্ভাবনা বেশি।

সচল থাকবে ডিজিটাল লেনদেন

ব্যাঙ্ক শাখাগুলি বন্ধ থাকলেও ইউপিআই (UPI), মোবাইল ব্যাঙ্কিং এবং ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবায় কোনও প্রভাব পড়বে না। তবে ফিজিক্যাল ব্যাঙ্কিং বা সরাসরি ব্রাঞ্চে গিয়ে কাজ করতে অভ্যস্ত গ্রাহকদের জন্য মঙ্গলবারটি বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে। এসবিআই-এর মতো বড় ব্যাঙ্কগুলি জানিয়েছে যে তারা পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা করছে, তবে কর্মীদের অনুপস্থিতিতে কাজ বিঘ্নিত হতে পারে।

 

ভিডিও নিউজ দেখুন

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google