কলকাতা: সোনার (Gold Price) বাজারে নজিরবিহীন উত্থান। বিশ্বজুড়ে রাজনৈতিক টানাপোড়েন ও অর্থনৈতিক অনিশ্চয়তার আবহে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার প্রতি ঝোঁক ক্রমশ বাড়ছে। তারই প্রত্যক্ষ প্রভাব পড়েছে ভারতের বাজারে। সোমবার দেশের বাজারে ১০ গ্রাম সোনার দাম ১,৬০,০০০ টাকার সীমা অতিক্রম করে নতুন ইতিহাস গড়েছে।
বিশ্ববাজারে প্রতি সোনার দাম ৫,০০০ ডলার ছাড়িয়ে যাওয়ায় ভারতীয় বাজারেও দামের আগুন লেগেছে। দেশের একাধিক বড় শহরের মধ্যে মুম্বাইয়ে ২৪ ক্যারেট সোনার দাম পৌঁছেছে ১০ গ্রাম প্রতি ১,৬০,২৫০ টাকায়। অন্যদিকে, ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ১০ গ্রাম প্রতি ১,৪৬,৮৯০ টাকায়। এই দামের সঙ্গে জিএসটি ও মেকিং চার্জ যোগ হলে গয়নার মোট দাম আরও উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে।
সোনার পাশাপাশি রুপোর বাজারেও চরম ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। স্পট মার্কেটে রুপোর দাম পৌঁছেছে প্রতি কেজি ৩,৩৫,০০০ টাকায়, যা এখনও পর্যন্ত সর্বোচ্চ স্তর। শিল্পক্ষেত্রে চাহিদা বৃদ্ধির পাশাপাশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ায় রুপোর দামও নতুন উচ্চতায় পৌঁছেছে বলে মত বাজার বিশেষজ্ঞদের।
২০২৫ সাল জুড়ে সোনার দাম প্রায় ৬৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, ২০২৬ সালের শুরু হওয়ার আগেই চলতি বছরে সোনার দাম ১৭ শতাংশের বেশি বেড়ে গিয়েছে। এই ধারাবাহিক মূল্যবৃদ্ধির নেপথ্যে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ কারণ।
ভারতের বাজারে সোনার দামের উপর প্রভাব ফেলে একাধিক বিষয় আন্তর্জাতিক বাজারে সোনার হার, আমদানি শুল্ক, কর ব্যবস্থা এবং ডলার-রুপির বিনিময় হার। এই সব কিছুর সমন্বয়েই প্রতিদিন দেশের সোনার দাম নির্ধারিত হয়।




















