সপ্তাহ তিনেকের অপেক্ষা। তারপরেই আগামী ১৪ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগ (ISL 2026)। গত বছরের মাঝামাঝি সময় থেকেই এই টুর্নামেন্ট আয়োজন ঘিরে দেখা দিয়েছিল ব্যাপক জটিলতা। ক্লাবগুলির সঙ্গে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন একাধিকবার বৈঠক করলেও সহজে মিল ছিল না কোনও সমাধান সূত্র। এমন পরিস্থিতিতে অনিশ্চিত ফুটবল ক্যারিয়ারের কথা মাথায় রেখে দল ছেড়ে অন্যত্র যোগদান করতে শুরু করেছিল বহু হাইপ্রোফাইল ফুটবলাররা। পাশাপাশি লোন চুক্তির মধ্য দিয়ে দল ছেড়েছেন একাধিক ফুটবলার।
তবে বহু আলোচনার শেষে এই নতুন বছরের প্রথম সপ্তাহের মধ্যেই আইএসএল হওয়ার কথা ঘোষণা করেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডভিয়া। সেই অনুযায়ী আগামী মাসেই শুরু হচ্ছে এই সর্বভারতীয় ফুটবল টুর্নামেন্ট তথা দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ। সেইমতো বহু আগে থেকেই নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করে দিয়েছে দলগুলি। সব ঠিকঠাক থাকলে এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই নতুন বিদেশি ফুটবলারদের যোগদানের কথা জানিয়ে দেবে কলকাতা ময়দান অন্যতম প্রধান তথা ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। এছাড়াও বিদেশি ফুটবলারদের পাশাপাশি দেশীয় ফুটবলার সইয়ে চমক রাখতে পারে ইন্টার কাশী ফুটবল ক্লাব।
গতবার আইলিগ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এবারের এই টুর্নামেন্টে সুযোগ পেয়েছে বারাণসীর এই ফুটবল ক্লাব। স্বাভাবিকভাবেই তাঁদের দিকে বিশেষ নজর থাকবে সকলের। কিন্তু কোথায় সম্প্রচারিত হতে পারে এবারের এই ফুটবল লিগ? সেটা এখনও স্পষ্ট নয়। অবশেষে শুরু হয়েছে মিডিয়া রাইটসের কার্যক্রম। সেই অনুযায়ী প্রি-বিড কনফারেন্সে অংশ নিতে দেখা যায় মূলত চারটি সংস্থাকে। যাদের মধ্যে রয়েছে সোনি স্পোর্টস, ফ্যান কোড, জি স্পোর্টস এবং ইংল্যান্ডের টু সার্কেল এজেন্সি। সব ঠিকঠাক থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো স্পষ্ট হয়ে যাবে গোটা বিষয়টি।
এছাড়াও এবারের এই টুর্নামেন্টের ম্যাচ সূচির দিকেও বিশেষ নজর রয়েছে ফুটবলপ্রেমীদের। শেষ পাওয়া তথ্য অনুযায়ী গতবার চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে কেরালা ব্লাস্টার্সের সঙ্গে ম্যাচ খেলে টুর্নামেন্ট শুরু করতে পারে মোহনবাগান সুপার জায়ান্ট। তাঁর ঠিক একদিন পর নর্থইস্ট ইউনাইটেড ম্যাচ দিয়ে নিজেদের যাত্রা শুরু করতে পারে ইস্টবেঙ্গল। যদিও সেগুলি এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি।




















