ইয়ট পার্টিতে বিপদ! মদ্যপ ছিলেন জুবিন? শেষ মুহূর্তে কি ঘটেছিল?

জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গর্গের আকস্মিক মৃত্যুতে স্তব্ধ তাঁর অনুরাগীরা। স্কুবা করতে গিয়ে সিঙ্গাপুরে তাঁর মর্মান্তিক মৃত্যু হয়েছে। কীভাবে এই অঘটন ঘটল, সেই নিয়ে যখন বিভিন্ন জল্পনা চলছিল, তখন ...

By Moumita Biswas

Published:

Updated:

Follow Us
Zubeen Garg Singapore accident

জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গর্গের আকস্মিক মৃত্যুতে স্তব্ধ তাঁর অনুরাগীরা। স্কুবা করতে গিয়ে সিঙ্গাপুরে তাঁর মর্মান্তিক মৃত্যু হয়েছে। কীভাবে এই অঘটন ঘটল, সেই নিয়ে যখন বিভিন্ন জল্পনা চলছিল, তখন এবার ঘটনার মুহূর্ত বর্ণনা করলেন এক প্রত্যক্ষদর্শী।

নিজের ইচ্ছেতেই এই ইয়ট পার্টিতে জুবিন

ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে সিঙ্গাপুরের অসম অ্যাসোসিয়েশনের সভাপতি অভিমন্যু তালুকদার জানান, সিঙ্গাপুরের এক অসমিয়া, তন্ময় ফুকান, একটি ইয়ট পার্টির আয়োজন করেছিলেন। এই পার্টিতে অংশ না নেওয়ার জন্য নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের প্রধান উদ্যোক্তা শ্যানকানু মহন্ত জুবিনকে পরামর্শ দিয়েছিলেন, কারণ সন্ধ্যাতেই তাঁর গানের অনুষ্ঠান ছিল। কিন্তু জুবিন নিজের ইচ্ছেতেই এই ইয়ট পার্টিতে যোগ দেন।

   

প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুযায়ী, সেন্ট জন্স এবং লাজারুস আইল্যান্ডের দিকে রওনা দিয়েছিল ইয়টটি, যেখানে মোট ১৮ জন উপস্থিত ছিলেন। লাজারুস আইল্যান্ডে পৌঁছানোর পর সকলে অ্যাকোয়া অ্যাডভেঞ্চারে অংশ নেন, যা ইয়টের ক্রু মেম্বারদের তত্ত্বাবধানেই শুরু হয়।

লাইফ জ্যাকেট খুলে জলে ঝাঁপ

অভিমন্যু জানান, জুবিন প্রথমে লাইফ জ্যাকেট পরেই জলে ঝাঁপ দেন এবং সাঁতার কাটতে শুরু করেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তিনি ইয়টে ফিরে আসেন এবং অভিযোগ করেন যে লাইফ জ্যাকেটটি তার পক্ষে অস্বস্তিদায়ক। এরপর বন্ধু এবং ক্রু মেম্বারদের বারবার সতর্ক করা সত্ত্বেও জুবিন লাইফ জ্যাকেট এবং সেফটি গিয়ার খুলে আবার জলে নামেন।

কিছুক্ষণের মধ্যেই তাকে জলে উল্টো অবস্থায় ভাসতে দেখা যায় বলে জানিয়েছেন অভিমন্যু। তিনি বলেন, “আমি জুবিনের নাম ধরে চিৎকার করতে শুরু করি এবং ওকে লাইফ জ্যাকেট পরতে বলি। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই উল্টো অবস্থায় জলে ভেসে থাকতে দেখা যায় ওকে।”

দ্রুত উদ্ধার

ক্রু মেম্বাররা দ্রুত জলে নেমে তাকে উদ্ধার করেন এবং শরীর থেকে জল বের করার চেষ্টা করেন। পাশাপাশি, তাকে CPR দেওয়া হয় এবং জরুরি সহায়তার জন্য উপকূলরক্ষীকে অ্যালার্ট করা হয়। এরপর ইয়টটি দ্রুত ম্যারিনা বে-এর দিকে রওনা দেয়। সেখান থেকে উপকূলরক্ষীদের সহায়তায় জুবিনকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং আইসিইউ-তে ভর্তি করা হয়। কিন্তু শত চেষ্টা সত্ত্বেও চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি।

সামাজিক মাধ্যমে ছড়ানো মদ্যপানের গুজব প্রসঙ্গে অভিমন্যু বলেন, “জুবিনকে এক পেগ মদ অফার করা হয়েছিল ঠিকই, কিন্তু ও তা খায়নি। ও মত্ত অবস্থায় ছিল না। সোশ্যাল মিডিয়ায় যা ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ ভুয়ো।”

ইতিমধ্যেই জুবিন গর্গের মরদেহের ময়নাতদন্ত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ভারতীয় দূতাবাসের আধিকারিক এবং জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা সহ তাঁর টিমের সদস্য জ্যোতি গোস্বামী এবং সন্দীপন গর্গের হাতে দেহ তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। অসমের উদ্দেশে কিছুক্ষণের মধ্যেই মরদেহ রওনা হবে।

ভিডিও নিউজ দেখুন

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google