মনিপুরের এই ফুটবলারের সঙ্গে চুক্তি বাড়ানোর পরিকল্পনা নর্থইস্টের

হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে গত সিজনে ডুরান্ড কাপ জয় করেছিল নর্থইস্ট ইউনাইটেড (NorthEast United FC)। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে শক্তিশালী মোহনবাগান সুপার জায়ান্টের বিপক্ষে একটা সময় পিছিয়ে থাকতে হলেও ...

By Sayan Sengupta

Published:

Updated:

Follow Us
Danny Meitei

হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে গত সিজনে ডুরান্ড কাপ জয় করেছিল নর্থইস্ট ইউনাইটেড (NorthEast United FC)। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে শক্তিশালী মোহনবাগান সুপার জায়ান্টের বিপক্ষে একটা সময় পিছিয়ে থাকতে হলেও পরবর্তীতে ঠিক সমতায় ফিরেছিল পাহাড়ের এই ফুটবল ক্লাব। তারপর অতিরিক্ত সময়ে বাজিমাত করেছিল নর্থইস্ট। যারফলে প্রথম ট্রফি জয় করেছিল জন আব্রাহামের দল। সেই নিয়ে যথেষ্ট খুশি ছিল সমর্থকরা। পরবর্তীতে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলে ও জয়ের ধারা অব্যাহত রেখেছিল বেনালির ছেলেরা। সেক্ষেত্রে প্রথমেই তাঁরা পরাজিত করেছিল কলকাতা ময়দানের তৃতীয় প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবকে।

   

সেটা নিঃসন্দেহে বাড়তি আত্মবিশ্বাস যুক্ত করেছিল দলের ফুটবলারদের মধ্যে। সময়ের সাথে সাথে বজায় ছিল সেই ছন্দ। যারফলে টুর্নামেন্টের প্রথম ছয়ের মধ্যে স্থান করে নিতে খুব একটা সমস্যা হয়নি তাঁদের পক্ষে। পরবর্তীতে বেশ কয়েকটি ম্যাচে আটকে যেতে হলেও সেখান থেকে অনায়াসেই ঘুরে দাঁড়িয়েছিল দল। এই স্প্যানিশ কোচের হাত ধরেই আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য থাকলেও সেটা বাস্তবায়িত করা সম্ভব হয়নি। শক্তিশালী জামশেদপুর এফসির কাছে পরাজিত হয়ে ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্ট থেকে। তবুও দলের পারফরম্যান্স নিঃসন্দেহে খুশি করেছিল সমর্থকদের।

তারপর সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট তথা কলিঙ্গ সুপার কাপে জয় দিয়ে শুরু করেছিল নর্থইস্ট ইউনাইটেড। যারফলে আবার নতুন করে খেতাব জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল সমর্থকরা। কিন্তু বাঁধা হয়ে দাঁড়িয়েছিল খালিদ জামিলের সেই জামশেদপুর এফসি‌। আইএসএলের পরাজয়ের বদলা নেওয়ার লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি। পুনরায় তাঁদের কাছে পরাজিত হয়েই ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্ট থেকে। যারফলে ডুরান্ড জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল পাহাড়ের এই ফুটবল দলকে‌। কিন্তু সেইসব ভুলে এখন থেকেই নয়া সিজনের জন্য ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট।

এক্ষেত্রে বিদেশি ফুটবলারদের পাশাপাশি একাধিক দেশীয় ফুটবলারদের সঙ্গে চুক্তি বাড়িয়েছে ম্যানেজমেন্ট। গত কয়েকদিনে সেই নিয়েই উঠে এসেছে একাধিক তথ্য। কিন্তু সেখানেই শেষ নয়। এবার দলের আরেক তরুণ ফুটবলারের সঙ্গে চুক্তি বাড়ানোর পরিকল্পনা রয়েছে আইএসএলের এই ফুটবল ক্লাবের। তিনি ড্যানি লৈশরাম মেইতেই। গত রিলায়েন্স ডেভেলপমেন্ট লিগে দলের হয়ে খেলেছিলেন প্রায় পাঁচটি ম্যাচ। যার মধ্যে দুইটি গোল ছিল মনিপুরের এই মিডফিল্ডারের। হিসাব অনুযায়ী আগামী ২০২৬ সাল পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি থাকলেও মনে করা হচ্ছে আরও তিনটি সিজনের জন্য তাঁকে দলে ধরে রাখতে পারে আইএসএলের এই ক্লাব।

ভিডিও নিউজ দেখুন

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google