তাজপুর সৈকতে তলিয়ে গেলেন পর্যটক, মৃত ১

মিলন পণ্ডা, দিঘা: সমুদ্রস্নানের আনন্দ মুহূর্তেই রূপ নিল বিষাদে। মঙ্গলবার দুপুরে পূর্ব মেদিনীপুরের জনপ্রিয় সৈকত নগরী দিঘার তাজপুরে স্নান করতে নেমে তলিয়ে গেল তিন পর্যটক যুবক। এই ঘটনায় ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

মিলন পণ্ডা, দিঘা: সমুদ্রস্নানের আনন্দ মুহূর্তেই রূপ নিল বিষাদে। মঙ্গলবার দুপুরে পূর্ব মেদিনীপুরের জনপ্রিয় সৈকত নগরী দিঘার তাজপুরে স্নান করতে নেমে তলিয়ে গেল তিন পর্যটক যুবক। এই ঘটনায় ইতিমধ্যেই একজনের মৃত্যু (Dead) হয়েছে, একজন হাসপাতালে চিকিৎসাধীন এবং অপর একজন পর্যটক এখনও নিখোঁজ।

পুলিশ সূত্রে খবর, মৃত পর্যটকের নাম সোহান হোসেন (১৬), তিনি উত্তর ২৪ পরগণার বারাসাতের বাসিন্দা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অপর পর্যটক শেখ আনিস ইসলাম (১৮), মধ্যমগ্রামের বাসিন্দা। নিখোঁজ যুবকের নাম জিয়াউল হক (২৩), যিনি আদাহাটার বাসিন্দা বলে জানা গিয়েছে।

   

মঙ্গলবার সকালে বারাসাত ও মধ্যমগ্রাম সহ বিভিন্ন এলাকা থেকে সাতজনের এক পর্যটক দল দিঘায় বেড়াতে আসেন। সকালে দিঘায় পৌঁছে সরাসরি তাজপুরে যান। দুপুরে খাওয়া-দাওয়া সেরে দুপুর প্রায় ২টা নাগাদ তাজপুর বিশ্ববাংলার সামনে সমুদ্রে স্নান করতে নামেন তিন যুবক।

সেই সময় সমুদ্র ছিল উত্তাল। স্থানীয়রা জানিয়েছেন, কোনো রকম নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই তিন যুবক গভীর জলে নেমে পড়েন। কিছুক্ষণের মধ্যেই তারা স্রোতের টানে ভেসে যেতে থাকেন। বাকিরা চিৎকার করলে নুলিয়ারা দ্রুত স্পিড বোট নিয়ে ছুটে আসেন এবং দুজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে পৌঁছনোর পর চিকিৎসক সোহান হোসেনকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, শেখ আনিস ইসলাম বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

জিয়াউল হক নামে নিখোঁজ পর্যটকের সন্ধানে ইতিমধ্যেই পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে স্পিড বোট নামানো হয়েছে। স্থানীয় মান্দারমণি উপকূল থানার একজন পুলিশ আধিকারিক জানান, “তিন পর্যটকের মধ্যে দুজনকে উদ্ধার করা গেছে। নিখোঁজ যুবকের সন্ধানে আমরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছি।”

স্থানীয়দের মতে, প্রতিদিন হাজার হাজার পর্যটক সৈকতে নামেন। কিন্তু বেশিরভাগ সময় কোনো গাইডলাইন মানা হয় না। অনেক পর্যটক উত্তাল সমুদ্রে বেপরোয়া ভাবে স্নান করেন, যার ফলেই ঘটে এই ধরনের দুর্ঘটনা।

এক স্থানীয় বাসিন্দা বলেন, “জলে নামার সময় নিরাপত্তা রক্ষা করা অত্যন্ত জরুরি। তাজপুরে বারবার এমন দুর্ঘটনা ঘটছে। প্রশাসনের উচিত নজরদারি আরও বাড়ানো।”

এই দুর্ঘটনার পর তাজপুরের সৈকত নিরাপত্তা ব্যবস্থাকে নিয়ে ফের প্রশ্ন উঠছে। দিঘা, তাজপুর, শঙ্করপুর-সহ উপকূল অঞ্চলে নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি, পর্যটকদেরও সচেতনতা ও দায়িত্বজ্ঞান নিয়ে স্নান করতে নামার আহ্বান জানাচ্ছে প্রশাসন।

এই মর্মান্তিক দুর্ঘটনা ফের একবার স্মরণ করিয়ে দিল সমুদ্রে স্নানের সময় সতর্কতার প্রয়োজনীয়তা। সমুদ্র কখনও কখনও সৌন্দর্যের আড়ালে বিপদও নিয়ে আসে—এটা ভুলে গেলে চলবে না। প্রশাসনের পাশাপাশি পর্যটকদেরও উচিত নিজের নিরাপত্তা সুনিশ্চিত করে সৈকতে নামা।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google