মোহনবাগান এখন অতীত, বেঙ্গালুরু ফিরছেন আশিক কুরুনিয়ান

বিগত মরসুমে ছন্দময় ফুটবল খেলেও সাফল্য পায়নি বেঙ্গালুরু এফসি। ডুরান্ডের সেমিফাইনালে ছিটকে যাওয়ার পর দেশের প্রথম ডিভিশন লিগ টুর্নামেন্ট তথা আইএসএলে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ছিল কর্নাটকের এই ফুটবল ...

By Sayan Sengupta

Published:

Updated:

Follow Us
ashique kuruniyan mohun bagan

বিগত মরসুমে ছন্দময় ফুটবল খেলেও সাফল্য পায়নি বেঙ্গালুরু এফসি। ডুরান্ডের সেমিফাইনালে ছিটকে যাওয়ার পর দেশের প্রথম ডিভিশন লিগ টুর্নামেন্ট তথা আইএসএলে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ছিল কর্নাটকের এই ফুটবল ক্লাব। সেইমতো টুর্নামেন্টের প্রথম ম্যাচে কান্তিরাভা স্টেডিয়ামে সহজেই তাঁরা পরাজিত করেছিল কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল দলকে। পরবর্তীতে সময় যত এগিয়েছে ততই ভয়ঙ্কর হয়েছিল জেরার্ড জারাগোজার ছেলেরা। স্বাভাবিকভাবেই সুপার সিক্সে স্থান করে নিয়েছিল এই ফুটবল দল।

   

তবে লিগের নিয়মরক্ষার ম্যাচে মুম্বাই সিটি এফসির কাছে বিরাট বড় ধাক্কা খেতে হলেও অনায়াসেই তাঁরা বদলা নিয়েছিল নক আউটে। পাঁচটি গোলের ব্যবধানে সেই ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিল সুনীল ব্রিগেড। যারফলে নিশ্চিত হয়ে গিয়েছিল সেমিফাইনালের টিকিট। অনবদ্য লড়াইয়ের শেষে জাতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রীর বিশ্বমানের গোল বদলে দিয়েছিল সমস্ত কিছু। যারফলে অনায়াসেই দল স্থান করে নিয়েছিল ফাইনালে। নতুন করে ট্রফি জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল সমর্থকরা।

তারপর একটা সময় সেই ম্যাচে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত বাজিমাত করেছিল কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মোহনবাগান সুপার জায়ান্ট। যা নিঃসন্দেহে বড়সড় ধাক্কা ছিল সকলের কাছে। আসলে বছর কয়েক আগে এই দলের কাছেই আইএসএল ফাইনাল হেরেছিল বেঙ্গালুরু। সেজন্য বদলার লড়াই ছিল তাঁদের কাছে। কিন্তু সেটা সম্ভব হয়নি। পরবর্তীতে কলিঙ্গ সুপার কাপে ভালো পারফরম্যান্স করার লক্ষ্য থাকলেও আইলিগের ফুটবল ক্লাবের কাছে পরাজিত হয়ে ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্ট থেকে। শেষ পর্যন্ত খালি হাতেই শেষ হয়েছে সিজন।

তবে নতুন মরসুম শুরু করার আগে প্রতিপক্ষের ঘর ভেঙে ফুটবলারদের দলে টেনে আনতে মরিয়া জিন্দালের এই ফুটবল ক্লাব। এক্ষেত্রে এবার তাঁদের নজর গিয়ে পড়েছে মোহনবাগান সুপার জায়ান্টের তারকা উইঙ্গার আশিক কুরুনিয়ানের (Ashique Kuruniyan ) দিকে। হিসাব অনুযায়ী দেখলে আগামী ২০২৭ সাল পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি থাকলেও এবার নিজের পুরনো ক্লাবেই ফেরার সিদ্ধান্ত নিয়েছেন আশিক কুরুনিয়ান। শোনা যাচ্ছে, জাতীয় দলের এই ফুটবলারের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করতে চলেছে সুনীল ছেত্রীদের ফুটবল ক্লাব।

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google