২৪ ঘণ্টার মধ্যে দেশে বর্ষা! কেরলে অতি ভারী বৃষ্টির সতর্কতা, বাংলায় পা কবে?

নয়াদিল্লি: অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতের মূল ভূখণ্ডে পা রাখছে বর্ষা। আবহাওয়াবিদদের মতে, মৌসুমী বায়ু সক্রিয় হওয়ার সাথে সাথে দেশের বিভিন্ন প্রান্তে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি…

West Bengal Weather Update Orange Alert South Bengal Rain

নয়াদিল্লি: অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতের মূল ভূখণ্ডে পা রাখছে বর্ষা। আবহাওয়াবিদদের মতে, মৌসুমী বায়ু সক্রিয় হওয়ার সাথে সাথে দেশের বিভিন্ন প্রান্তে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এর ফলে গত কয়েকদিনের তীব্র গরমের দাপট কিছুটা কমলেও, বর্ষার শুরুর দিনগুলোতে বজ্রপাত, ঝোড়ো হাওয়া এবং ভারী বর্ষণের জোড়া ফলার কারণে সাধারণ মানুষকে বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

কেরল-সহ দক্ষিণ ভারতে অতি ভারী বৃষ্টি

আবহাওয়া দফতরের সাম্প্রতিক বুলেটিন অনুযায়ী, আগামী ৬ থেকে ৭ দিন কেরলের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। অনেক জায়গায় এই বৃষ্টির পরিমাণ ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত পৌঁছতে পারে। কেরলের পাশাপাশি প্রতিবেশী রাজ্য তামিলনাড়ু এবং কর্ণাটকের বিভিন্ন অংশেও জারি করা হয়েছে ভারী বৃষ্টির আগাম সতর্কতা।

   

উত্তর ও পূর্ব ভারতেও আবহাওয়ার ভোলবদল

শুধু দক্ষিণ ভারতই নয়, হাওয়া অফিস জানিয়েছে যে উত্তর-পশ্চিম, মধ্য এবং পূর্ব ভারতের এক বিস্তীর্ণ এলাকাতেও আবহাওয়ার বড়সড় পরিবর্তন ঘটতে চলেছে। চলতি সপ্তাহজুড়েই এই রাজ্যগুলিতে মাঝারি থেকে তীব্র বজ্রঝড়ের আশঙ্কা রয়েছে। ঝড়ের দাপটে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলেও সতর্কবার্তা দেওয়া হয়েছে।

বাংলার আবহাওয়া

দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় হওয়ার সাথে সাথেই ভোলবদল হচ্ছে বাংলার আবহাওয়ারও। হাওয়া অফিসের সাম্প্রতিক বুলেটিন অনুযায়ী, আজ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।

বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সাথে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি রয়েছে৷ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝড়ের গতিবেগ বেড়ে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার হতে পারে৷ শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব ক’টি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার পূর্বাভাস দিয়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে৷ শনিবার দুই ২৪ পরগনা, পুরুলিয়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতেও একই পরিস্থিতি থাকবে৷ রবিবার কলকাতা, হাওড়া, হুগলি-সহ দক্ষিণবঙ্গের প্রায় দশটি জেলায় বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে। সোম ও মঙ্গলবারও পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া-সহ বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে৷