গত কয়েকদিন ধরেই কলকাতা ফুটবল লিগ (Calcutta Football League) নিয়ে সরগরম কলকাতা ময়দান। হিসাব অনুযায়ী অন্যান্য দলগুলি তুলনায় বর্তমানে অনেকটাই এগিয়ে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal ) ফুটবল ক্লাব। বলতে গেলে টুর্নামেন্টের একমাত্র দল হিসেবে এখনও পর্যন্ত অপরাজিত রয়েছে ময়দানের এই প্রধান। এবারের প্রিমিয়ার ডিভিশন লিগ জয়ের অন্যতম দাবীদার হিসেবে রয়েছে বিনো জর্জের ছেলেরা। এখনও পর্যন্ত টুর্নামেন্টের বেশ কিছু ম্যাচ বাকি থাকলেও সেগুলি আয়োজন করা নিয়ে দেখা দিয়েছিল একাধিক জটিলতা। যার ফলে একটা সময় পিছিয়ে দেওয়া হয় সমস্ত ম্যাচ।
সেই অনুযায়ী ইমামি ইস্টবেঙ্গলের পাশাপাশি চ্যাম্পিয়নশিপের অন্যতম দাবিদার হিসেবে উঠে এসেছে ডায়মন্ড হারবার এফসি। তাঁদের সঙ্গে লাল-হলুদ ব্রিগেডের পয়েন্টের ফারাক থাকলেও সেই ম্যাচে সায়ন ব্যানার্জিদের আটকাতে পারলে ট্রফি জয়ের দৌড়ে থাকবে কিবু ভিকুনার ছেলেরা। তাঁর আগে পড়শী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ম্যাচ খেলেছিল মশাল ব্রিগেড। নির্ধারিত সময়ের শেষে অমীমাংসিত ফলাফলে ম্যাচ শেষ হলেও পরবর্তীতে সাদা-কালো ব্রিগেডের খেলোয়াড় বদল করা নিয়ে তৈরি হয় নানা বিতর্ক।
ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেক ম্যাচে চারজন করে ভূমিপুত্র মাঠে থাকা বাধ্যতামূলক। কিন্তু সেদিন মাত্র তিনজন ভূমিপুত্রকে মাঠে রাখতে পেরেছিল রেড রোডের এই ফুটবল ক্লাব। কিছুদিন আগেই সেই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জারি করেছে আইএফএ’র ডিসিপ্লিনারি কমিটি। সেই অনুযায়ী এই ডার্বি ম্যাচের পুরো পয়েন্ট দেওয়া হয়েছে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবকে। যা ভালোভাবে নেয়নি ময়দানের একাংশ। এই পরিস্থিতিতে কলকাতা লিগে আর না খেলার ও কথা উঠে এসেছিল ডায়মন্ড হারবারের তরফে। শেষ পর্যন্ত এই বিতর্কিত পরিস্থিতি দেখে নয়া সিদ্ধান্ত নিল বঙ্গীয় ফুটবল ফেডারেশন।
সেই অনুযায়ী আগামী ১৮ অক্টোবর ফের ডেকে পাঠানো হয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব সহ বাকিদের। যেখানে উভয়পক্ষের বক্তব্যকে খতিয়ে দেখবে আইএফএর ডিসিপ্লিনারি কমিটি। পাশাপাশি নির্দিষ্ট দিনক্ষণ উল্লেখ করে ডায়মন্ড হারবার ক্লাবকে ইস্টবেঙ্গলের সঙ্গে ম্যাচ খেলার অনুরোধ করা হতে পারে বলেই খবর। এখন সেই দিকেই নজর রয়েছে সকলের।




















