মমতা-অভিষেকের সঙ্গে দেবের বৈঠকের পর পদ থেকে অপসারিত শঙ্কর দলুই

আচমকা ঘাটাল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সহ তিনটি পদ থেকে ইস্তফা দেন তৃণমূল সাংসদ দেব৷ এরপরই আসন্ন লোকসভা নির্বাচনে লড়তে তিনি আগ্রহী নন বলেও জানিয়ে দিয়েছিলেন৷ তাঁর ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

আচমকা ঘাটাল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সহ তিনটি পদ থেকে ইস্তফা দেন তৃণমূল সাংসদ দেব৷ এরপরই আসন্ন লোকসভা নির্বাচনে লড়তে তিনি আগ্রহী নন বলেও জানিয়ে দিয়েছিলেন৷ তাঁর দলে থাকা নিয়ে জল্পনা তৈরি হয় রাজনৈতিক মহলে৷ এই সবের মধ্যে শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘাটালের সাংসদ দেবের বৈঠক হয়৷ বৈঠক শেষে তিনি সোজা চলে যান কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি৷ সেখানে আরও একপ্রস্ত বৈঠক সারেন তিনি৷

এদিনের বৈঠকের পর রবিবার দেবের পাশে দাঁড়িয়ে ঘাটালে বড়সড় রদবদল ঘটাল তৃণমূল৷ ঘাটাল সাংগঠনিক জেলার চেয়ারম্যান শংকর দলুইকে সরিয়ে দিল দল৷ তাঁর বদলে পদে নতুন এলেন রাধাকান্ত মাইতি৷ সূত্রের খবর, ঘাটালের তারকা সাংসদ দেবের সঙ্গে শঙ্কর দলুইয়ের লাগাতার দ্বন্দ্বের জেরেই তাঁকে অপসারিত হতে হল৷ পরিস্থিতি ক্রমাগত ঘোরাল বুঝে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড হস্তক্ষেপ করেন৷ দেবের সঙ্গে কথা বলেন অভিষেক নিজে৷ শনিবারের সেই বৈঠক ফলপ্রসূ হয়েছে বলেই জানা যাচ্ছে তৃণমূল সূত্রে৷

   

বেশ কয়েকদিন ধরেই ঘাটালে তৃণমূলের জেলা নেতৃত্বর সঙ্গে দেবের দূরত্ব বাড়ছিল৷ তা নিয়ে সাংসদের ক্ষোভও ছিল৷ ঘনিষ্ঠ সূত্রে খবর, সেখানকার কয়েকজন নেতার আচরণে ক্ষুব্ধ ছিলেন বলেই দেব এবার ঘাটালের প্রার্থী হতে চাননি৷ বিষয়টি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে আসতেই তিনি গত মাসে পশ্চিম মেদিনীপুর জেলা নেতৃত্বকে কালীঘাটে ডেকে বৈঠক করে সাফ জানিয়ে দেন, দেব শিল্পী, ভালো ছেলে৷ কাজ করছেন অনেক৷

যদিও শনিবার বৈঠক সেরে দেব বলেছিলেন, ‘‘এর আগেও বলেছিলাম যে, আমি চাইলেই যে বেরিয়ে যাব, বা ভোটে দাঁড়াবো না, সেটা হবে না৷ দিদির মতামতও আমার কাছে খুব গুরুত্বপূর্ণ৷ তবে আজকে একটা কথাই বলব, আমি রাজনীতি ছাড়লেও রাজনীতি আমাকে ছাড়বে না৷’’

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google