নয়াদিল্লি: মে মাস শেষ হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। ১ জুন, ২০২৬ থেকেই দেশজুড়ে কার্যকর হতে চলেছে বেশ কিছু বড় আর্থিক ও নিয়মতান্ত্রিক পরিবর্তন। রান্নার গ্যাসের দাম থেকে শুরু করে রেলের রুট, ইউপিআই পেমেন্ট কিংবা ব্যাঙ্কিং লেনদেন, একাধিক ক্ষেত্রে নিয়মে বড়সড় রদবদল আসতে চলেছে, যা সরাসরি মধ্যবিত্তের পকেটে টান মারতে পারে। তাই মাস শুরুর আগেই এই ৭টি বড় বদল সম্পর্কে জেনে না রাখলে পরবর্তীতে চরম ভোগান্তি ও অতিরিক্ত খরচের মুখে পড়তে পারেন আপনিও। (7 Major Rule Changes From June 1 2026)
UPI পেমেন্টে বড় স্বস্তি (ভুয়ো নাম আউট)
ইউপিআই (UPI) জালিয়াতি ও প্রতারণা রুখতে এবার কোমর বেঁধে নামছে এনপিসিআই (NPCI)। ২০২৬ সালের ৩০ জুন থেকে সমস্ত ইউপিআই অ্যাপে একটি নতুন নিয়ম বাধ্যতামূলক হতে চলেছে। এখন থেকে কিউআর কোড (QR Code), মোবাইল নম্বর বা ইউজারের সেট করা নামের পরিবর্তে, টাকা পাঠানোর ঠিক আগেই স্ক্রিনে সংশ্লিষ্ট ব্যক্তির আসল ব্যাঙ্ক-নিবন্ধিত (Verified) নাম ভেসে উঠবে। এর ফলে ভুয়ো নাম ব্যবহার করে জালিয়াতি করা কঠিন হবে এবং ব্যবহারকারীরা নিশ্চিত হতে পারবেন যে টাকা সঠিক মানুষের কাছেই যাচ্ছে।
এলপিজি সিলিন্ডারের দাম (LPG Price Update)
চলতি বছরের ১ মে থেকেই বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের (১৯ কেজি) দাম এক ধাক্কায় প্রায় ৯৯৩ টাকা বাড়িয়ে ৩,০৭১.৫০ টাকা করা হয়েছে। ফলে হোটেল, রেস্তোরাঁ ও ছোট ব্যবসায়ীদের খরচ ইতিমধ্যেই বেড়েছে। তবে স্বস্তির বিষয় হলো, ১৪.২ কেজির ঘরোয়া সিলিন্ডারের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। যেহেতু প্রতি মাসের ১ তারিখে তেল সংস্থাগুলি দাম পর্যালোচনা করে, তাই ১ জুন থেকেও গ্যাসের দামে নতুন কোনও পরিবর্তন আসে কি না, সেদিকে নজর থাকবে।
রেলপথে মেগা ব্লক, বাতিল ৭৭টি ট্রেন
জুন মাসে যদি আপনার কোথাও ভ্রমণের পরিকল্পনা থাকে, তবে সাবধান! ট্র্যাকের আধুনিকীকরণ ও নন-ইন্টারলকিং কাজের জন্য ভারতীয় রেল একটি বড় রেল ব্লক নিতে চলেছে। এর জেরে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা, মহারাষ্ট্র, গুজরাত, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের ওপর দিয়ে যাওয়া প্রায় ৭৭টি ট্রেন সম্পূর্ণ বাতিল করা হচ্ছে। এছাড়া একাধিক সুপারফাস্ট ও দুরন্ত ট্রেনের রুট এবং সময়ও বদলে দেওয়া হয়েছে। যাত্রার আগে অবশ্যই ট্রেনের বর্তমান স্ট্যাটাস চেক করে নেওয়ার পরামর্শ দিচ্ছে রেল।
প্যান কার্ডের নিয়মে কড়াকড়ি (PAN Card New Rules)
২০২৬-এর নতুন আয়কর নিয়ম অনুযায়ী, প্যান কার্ডের ক্ষেত্রে বেশ কিছু নিয়মে বড় ছাড় দেওয়া হলেও উচ্চ-মূল্যের লেনদেনে নজরদারি বাড়ানো হয়েছে। কোথায় ছাড়? আগে দিনে ৫০,০০০ টাকার বেশি নগদ জমা দিতে প্যান বাধ্যতামূলক হলেও, এখন সেই নিয়ম তুলে দেওয়া হয়েছে। সম্পত্তি কেনাবেচার ক্ষেত্রেও প্যান দেখানোর সীমা ১০ লক্ষ থেকে বাড়িয়ে ২০ লক্ষ টাকা করা হয়েছে।
কোথায় কড়াকড়ি: এখন থেকে ৪৫ লক্ষ টাকার বেশি মূল্যের সম্পত্তি লেনদেন, দানপত্র (Gift Deed) এবং যৌথ উন্নয়ন চুক্তি (JDA)-র জন্য প্যান কার্ড দেওয়া বাধ্যতামূলক। পাশাপাশি বার্ষিক ১০ লক্ষ টাকার ওপরে নগদ টাকা তোলার ক্ষেত্রেও প্যান রিপোর্টিং নিয়ম খাটবে। প্যান কার্ড না থাকলে এখন থেকে পুরনো ‘ফর্ম ৬০’-এর বদলে নতুন ‘ফর্ম ৯৭’ ব্যবহার করতে হবে।
এটিএম থেকে টাকা তোলা ও এফডি-র সুদের হার
১ জুন থেকে বেশ কিছু ব্যাংক তাদের এটিএম (ATM) লেনদেন ফি, বিনামূল্যে টাকা তোলার সীমা এবং ক্যাশ উইথড্রালের নিয়মে পরিবর্তন আনতে পারে। ইতিপূর্বেই এইচডিএফসি (HDFC) ব্যাংক তাদের ফ্রি এটিএম লিমিটের মধ্যে ইউপিআই এটিএম-কেও অন্তর্ভুক্ত করেছে এবং পিএনবি (PNB) কিছু ডেবিট কার্ডের দৈনিক টাকা তোলার সীমা কমিয়েছে। এর পাশাপাশি, জুন মাসে আরবিআই (RBI)-এর লিকুইডিটি পলিসির ওপর নির্ভর করে বিভিন্ন ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট (FD) ও সেভিংস অ্যাকাউন্টের সুদের হারও সংশোধিত হতে পারে।
সোলার প্যানেলের নতুন নিয়ম (ALMM Rule)
আগামী ১ জুন থেকে সোলার প্যানেল ইনস্টলেশনের ক্ষেত্রে নতুন ‘ALMM’ নিয়ম কার্যকর হচ্ছে। এর অধীনে সমস্ত সরকারি প্রকল্প, নেট-মিটারিং এবং ভর্তুকিযুক্ত সোলার প্রজেক্টে শুধুমাত্র নির্দিষ্ট তালিকাভুক্ত (List-I এবং List-II) সোলার মডিউল ও সেল ব্যবহার করা বাধ্যতামূলক। সরকার স্পষ্ট করেছে, ১ জুনের পর এই নিয়মের মেয়াদ আর বাড়ানো হবে না। এর ফলে বাজারে সোলার প্যানেলের দাম কিছুটা বাড়লেও দেশীয় উৎপাদন এবং গুণমান অনেকটাই উন্নত হবে।
আরবিআই এমপিসি (RBI MPC) বৈঠক ও অন্যান্য
জুনের শুরুতেই বসতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মানিটারি পলিসি কমিটির (MPC) বৈঠক। মনে করা হচ্ছে, এই বৈঠকের পর রেপো রেট, পেট্রোল-ডিজেলের দামের রূপরেখা এবং ব্যাঙ্কিং বিধিমালায় আরও কিছু বড় ঘোষণা আসতে পারে।




















