
কলকাতা: ভোটের উত্তাপের মাঝেই স্বস্তির কালবৈশাখী, নাকি ভোগান্তির বৃষ্টি? বুধের পর বৃহস্পতিবারও দফায় দফায় ভিজেছে তিলোত্তমা। রাত সাড়ে ৮টার পর কলকাতার আকাশ ভেঙে নামে বৃষ্টি। শুধু শহর নয়, উত্তর থেকে দক্ষিণ, গোটা রাজ্যই এখন বর্ষণের কবলে। এর জেরে এক ধাক্কায় অনেকটা পারদ নামলেও, অফিস ফেরত যাত্রীদের কপালে জুটেছে চরম দুর্ভোগ।
কতদিন চলবে এই আবহাওয়া?
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এখনই বৃষ্টি থামার কোনও লক্ষণ নেই৷ আগামী ৬ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের সব কটি জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরের জেলাগুলিতে ৭ মে পর্যন্ত বৃষ্টি চলতে পারে। ৪ মে পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে।
শুক্রবার কেমন থাকবে পরিস্থিতি? West Bengal rain forecast May 2026
আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। বিশেষ করে নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া ও বর্ধমানের মতো জেলাগুলিতে ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
স্বস্তির মাঝে অস্বস্তি
বৃষ্টির জেরে বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫.৮ ডিগ্রি সেলসিয়াস কমে দাঁড়িয়েছে ২০.৪ ডিগ্রিতে। তবে এই শীতল আবহাওয়া উপভোগ করার বদলে নাজেহাল হতে হয়েছে নিত্যযাত্রীদের। জলমগ্ন রাস্তা আর ভোটের কারণে বাস-অটোর আকাল— সব মিলিয়ে বৃষ্টির রাতে চরম ক্ষোভ উগরে দিয়েছেন ঘরমুখো মানুষ।
আরও পড়ুন: আশঙ্কাই সত্যি হল! এক ধাক্কায় প্রায় ১০০০ টাকা বাড়ল গ্যাসের দাম








